মিজানুর রহমান খান কুদরত, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিস্ফোরক, হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাহা জব্বারকে গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৮ সেপ্টেম্বর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় চাপাতি, ছোরা, চাইনিজ কুড়াল, ডেগার ও কাঠের বাটামসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে বাড়ির আসবাবপত্র, দরজা, জানালা, গেটসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির আশপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বাদীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাহা জব্বারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর গণমাধ্যমকে জানান, নাহা জব্বার ২০২৪ সালের বিস্ফোরক মামলায় সম্পৃক্ত থাকায় আমরা তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি ।
আলোকিত প্রতিদিন/এপি

