নিজস্ব প্রতিবেদক :
পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও এর ফাঁকে সরকারের বিভিন্ন নীতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। গত ছয় মাসে সরকারের নীতি ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নে মন্ত্রণালয়ের অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীরা পিপিপি মডেলে বিনিয়োগ করতে পারেন—এ নিয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে নোট করবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মীর শাহে আলম বলেন, দুই দেশের সরকারের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে মন্ত্রী ও রাষ্ট্রদূত একমত হয়েছেন।
পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। এ নিয়ে পরবর্তী সময়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিব পর্যায়ে বৈঠক করবেন।
নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগের ধরন সম্পর্কে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প এতে অন্তর্ভুক্ত হতে পারে।
তিনি জানান, দেশের বিভিন্ন সিটি করপোরেশনে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ডাম্পিং অবস্থায় রয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে বর্জ্য থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে বলে জানান তিনি।
দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য চুক্তির বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়। এসব বিষয়ে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। বৈঠকে মূলত স্থানীয় সরকার-সংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

