বিশেষ প্রতিনিধি:
শেরপুরের নকলায় নিজ ঘর থেকে নাসির উদ্দিন (৬০) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। ২৬ জানুয়ারি (শুক্রবার) দুপুরে পৌরসভার কুর্শাবাদাগৈড় (দড়িপাড়া) এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নাসির উদ্দিন ওই এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে। তিনি পৌরসভার ২নং ধুকুড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অবসরপ্রাপ্ত এই শিক্ষকের দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলে সন্তান না থাকায় মেয়েদের সব সম্পত্তি লিখেও দিয়েছেন তিনি । তার দুই মেয়েও স্কুল শিক্ষক।
জানা যায়, নিজ শয়ন কক্ষে নাসির উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তার প্রকৃত কারণ জানা যায়নি। এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, আমরা নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত আছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ২৬ জানুয়ারি ২৪/ এপি
- Advertisement -

