হেলাল উদ্দিন, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ বিজিবির পৃথক অভিযানে আইস, ইয়াবা, অস্ত্র হ্যান্ড গ্রেনেড, গুলি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মিয়ানমার দুইজন রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে বিজিবি। এসময় একটি বাস এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার পৃথকভাবে এ অভিযান চালানো হয়। যার মধ্যে সকালে বড়ইতলী বক্করের জোড়া নামক নাফনদীর মোহানায় অভিযান চালিয়ে ২.১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি হ্যান্ড গ্রেনেড, ৩৭ রাউন্ড গুলি, ১টি হাত দাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। এ অভিযানে জব্দ করা হয়েছে ১টি কাঠের নৌকা। আটক দুই রোহিঙ্গা হলেন-উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০) ও ২নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।অপর এক অভিযানে দুপুরে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোষ্ট ৪ হাজার ইয়াবা বড়িসহ আটক করা হয় কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২০) কে। এ অভিযানে জব্দ করা হয়েছে বাসটি।আজ মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে ব্যাটালিয়ান সদরের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।অধিনায়ক জানান ,মিয়ানমার থেকে অস্ত্র, আইস, চালান আসার খবরে প্রথম অভিযানটি পরিচালিত হয়। অপর অভিযানটি নিয়মিত তল্লাশীতে আটক হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করে তিন জনকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

