আজ , ।   

মধুপুরের অটোবাইক সমিতির বিরুদ্ধে ব্যাটারিচালিত রিকশায় চাঁদাবাজির অভিযোগ

আরো খবর

প্রতিনিধি,মধুপুর

মধুপুরে অটোবাইক সমিতির বিরুদ্ধে ব্যাটারিচালিত রিকশা থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ ওঠেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এসে গতকাল শনিবার সকালে  এই অভিযোগ তোলেন দুই শতাধিক রিকশাচালক ও মালিকেরা।এ সময় রানিয়াদ গ্রামের আব্দুস সামাদ, কালামাঝি গ্রামের জিয়ারুল ইসলাম, বোয়ালি গ্রামের আলম, রানিয়াদ গ্রামের বকুল মিয়া, রফিকুল ইসলামসহ অনেকেই অভিযোগ তুলে ধরেন।তারা বলেন, ‘ কিস্তি দিমু না সড়কে চান্দা দিমু! অটোরিকশা নিয়া মধুপুর আইলেই চান্দা দেওন লাগে বিশ টেকা। বিশ টেকা দিলে সারা দিন মাফ। পরের দিন আবার টেকা দেওন লাগবই। নইলে রিকশার সিট খুইলা নিয়া যাবোগা। সিট খুইলা নিলেই ৫০-২০০ টাকা। দুইঘণ্টা পর মুক্তি। আবার অটোবাইক সমিতির সদস্য না অইলে রিকশা চালানো যাবো না মধুপুরে। সদস্য অইতেও ১৫শ টাকা। অহন আমরা কী করমু?’

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু অভিযোগ শুনে  মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামালের নিকট অভিযোগকারীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। এ ব্যাপারে মধুপুরের অটোবাইক সমিতি থানা মোড় শাখার সভাপতি মোজাম্মেল হক তুলা বলেন, মধুপুরে যানজট নিরসনের জন্য অটোরিকশার লাল-সবুজ মার্কিং করা হয়েছে। লালগুলো আজ চললে কাল চলবে সবুজগুলো। যেগুলো শৃঙ্খলা ভঙ্গ করে সেগুলো নিয়ন্ত্রণের জন্য সিট খুলে নেওয়া হয়। আধঘণ্টা পর আবার সেগুলো ছেড়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, আমরা ব্যাটারিচালিত রিকশা মালিকদেরকে আমাদের সংগঠনের সদস্য হতে বলেছি। যাতে করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহজ হয়।রিকশাচালক আব্দুস সামাদসহ ৫জন থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামালের নিকট তাদের সমস্যাগুলো উপস্থাপন করেন। এ ব্যাপারে ওসি তারিক কামাল অভিযোগ নিয়ে আসা ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের তালিকা রোববারের মধ্যে জমা দিতে বলেছেন। পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আভাস দেন তিনি।

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -