প্রতিনিধি, শ্রীনগর-মুন্সীগঞ্জ
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক, ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দোয়াইর জব্দ করা হয়েছে। গত ৯ অক্টোবর শনিবার দিনব্যাপী পদ্মা নদীর শ্রীনগর অংশে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ৭ জেলের প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন মুন্সীগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও বাঘড়া পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ। মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/ ১০অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -

