প্রতিনিধি,শরীয়তপুরঃ
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে জানা গেছে। বুধবার(২৮জুলাই) শরীয়তপুর পৌর বাসস্টান্ড সংলগ্ন ভাড়া বাড়িতে (শামীম তালুকদারের বাড়িতে) এ ঘটনা ঘটে। ভোর আনুমানিক ৪ টার দিকে স্বামী-স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করলে স্ত্রী মারা যায়। জানা যায়, ফরিদপুরের বালিহাটির মৃত চাঁন মিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সীর(৪০) সাথে শরীয়তপুরের আবুল কালাম হাওলাদারের মেয়ে রাজিয়া সুলতানা মৌর(২৮) ২০০৭ সালে বিয়ে হয়। আরিফ-মৌ দম্পত্তির আয়েশা আক্তার ঈশা(১৩) ও ইয়াকুব মুন্সী সোহান(৮) নামে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আরিফ মুন্সি যৌতুকের জন্য বারবার চাপ দিতে থাকে। সর্বশেষ ২ লক্ষ টাকা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে রাতভর কথা কাটাকাটি শেষে ভোর রাতে আরিফ মুন্সী তার স্ত্রী মৌর মাথায় ইট দিয়ে আঘাত করলে মৌ মারা যায়। পরে সন্তানসহ স্থানীয়রা চিৎকার করলে বিষয়টি জানাজানি হলে পালং মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এবিষয়ে নিহতের ভাই রাসেল হাওলাদার মুঠোফোনে বলেন, আমার বোনকে মেরে সে শুধু নিষ্পাপ শিশু দুটিকেই এতিম করেনি, আমদেরকেও স্বজন হারা করেছে। আমি এই ঘটনার বিচার চাই। এবিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন বলেন, আসামী নিজেই এসে জানিয়েছে যে একটি খুন হয়েছে। পরে আমরা তাকে গ্রেফতার করেছি। মামলা প্রকৃয়াধীন।
আলোকিত প্রতিদিন/২৮ জুলাই ২০২১/ আর এম

