আজ , ।   
Home Blog Page 641

নেত্রকোণায় শীতার্তদের মাঝে যুবদল নেতার কম্বল বিতরণ

শহীদুল ইসলাম রুবেল:
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় চকপাড়াস্থ কোর্ট স্টেশন প্রাঙ্গণে নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ- সভাপতি নেত্রকোণা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালণায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে অসহায়,প্রতিবন্ধী,গরীব, দুস্থ, ছিন্নমূল সহস্রাধিক শীতার্ত নারী, পুরুষ এবং শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত-৪০

আন্তর্জাতিক ডেস্ক:

আজারবাইজানের বাকু থেকে ৬৭ জন আরোহী নিয়ে রাশিয়ায় যাওয়ার পথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ২৭ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাটি বিধ্বস্তে হয় বলে কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে। উড়োজাহাজ বিধ্বস্তের একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

কাজাখস্তানের জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীরা উড়োজাহাজের আগুন নিভিয়ে ফেলেছেন। তিন শিশুসহ জীবিত উদ্ধার করে ২৭ জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স বলেছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়।

রাশিয়ার একাধিক বার্তা সংস্থা বলেছে, চেচনিয়ার গ্রোজনি শহরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় কারিগরি ত্রুটিসহ অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার বেসামরিক বিমান পর্যবেক্ষক সংস্থা বলেছে, উড়োজাহাজে পাখির আঘাতের পর পাইলট জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরপরই রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশে ফিরেছেন। ২৫ ডিসেম্বর রাশিয়ায় শীর্ষ এক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার।

আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম

বড়দিনের প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করা হয়

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ বুধবার। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই সময়ে জেরুজালেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য এরং ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। এই দিন উপলক্ষে দেশের সব গির্জায় হয়েছে প্রার্থনা। বিশ্ব শান্তি কামনা করা হয় এই প্রার্থনায়।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও এ দিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করছেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়াও ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা-হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোক সজ্জার। পাশাপাশি এদিন রাত সাড়ে ৭টা থেকে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা।

বড়দিন উপলক্ষে দেশের সব গির্জায় অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে রাত ১০টা এবং পরদিন বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া কীর্তন, ভক্তিমূলক গানের মাধ্যমে যিশুকে স্মরণ করেন ভক্তরা।

তিনি আরও বলেন, আজকে সেই জন্মের দিন, বড় দিন। আজকে আমরা সারা বিশ্বের জন্য প্রার্থনা করি। তার জন্মস্থানে যুদ্ধ চলছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। আমাদের বাংলাদেশের পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি একটা সুন্দর দেশ এবং জাতি গড়ে তোলার জন্য। তাই আমাদের এখন প্রয়োজন শান্তি অবস্থা ও স্থিতিশীলতা। আজকে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই জানাবো, যেন আমরা শান্তি পেতে পারি।

বড়দিন উপলক্ষে বুধবার সরকারি ছুটি। অপরদিকে দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। এছাড়াও দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের। খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেন। পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন গ্রামের বাড়িতে।

Borodin-01রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি হোটেলের ভিতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ। বড়দিন উদযাপনে রয়েছে নানা আয়োজন।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবার কাছে একটি পুণ্যময় দিন হিসেবে পরিচিত বড় দিন। যিশু খ্রিষ্টের জন্ম কবে হয়েছিল, এ নিয়ে স্পষ্ট করে উল্লেখ নেই পবিত্র বাইবেলে। খ্রিষ্ট ধর্মের প্রবর্তকের জন্ম হয়েছিল অলৌকিকভাবে। আর তাকে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। যিশু খ্রিষ্টের অনুসারীরা মনে করেন-এই ঘণ্টাধ্বনি শুভ সংবাদের বার্তা পৌঁছায়।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী,  যিশু খ্রিষ্ট পৃথিবীতে মানুষের রূপ গ্রহণ করে জন্মগ্রহণ করেন। পৃথিবীর সব পাপ থেকে মানুষকে মুক্তি দিতে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও সুসংহত করতেই যিশুর আগমন। যিশুর আগমনের এই ক্ষণ স্মরণ করতেই তাঁর অনুসারীরা বিশ্বব্যাপী ধর্মীয় ও সামাজিকভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে থাকে।

আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম

ঢাকাসহ চার বিভাগে কমবে দিনের তাপমাত্রা

আলোকিত প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

২৫ ডিসেম্বর বুধবার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মি:হক।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা ও বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশালি এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাতের পরে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিনের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম

বেতন না পাওয়ার ক্ষোভে ঘুমের ওষুধ খাইয়ে ৭ জনকে হ*ত্যা করেন: ইরফান

আলোকিত প্রতিবেদক: চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সার বোঝাই কার্গো জাহাজে সাত খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে কুমিল্লা জেলার র‌্যাব-১১ এর পাঠানো এক খুদে বার্তা থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে আলোচিত এ খুনের ঘটনার রহস্য অনেকটাই উদঘাটন হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মন্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে সে।

খুন হওয়া ব্যক্তিরা হলেন- মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত ব্যক্তি হলেন- সুকানি জুয়েল।

প্রসঙ্গত, চাঁদপুরের মেঘনায় জাহাজে খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে জাহাজ মালিকের পক্ষে মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে মামলাটি করেন তিনি। মাহবুব মোরশেদের বাড়ি ঢাকার দোহার এলাকায়। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।

এছাড়া এ ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন থেকে পৃথক ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

দলীয়করণ ও রাজনীতিকরণ মুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই: আমিনুল হক

ইমরান হোসেন : ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক বলেছেন,দীর্ঘ ১৭ বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে দেশের প্রত্যকটি সেক্টরে দলীয় ও রাজনীতিকরণ করেছে,আমাদের দেশের ক্রীড়াঙ্গন এর থেকে মুক্ত ছিল না; শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে। তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন-তখন কিন্তু দেশের ক্রীড়াঙ্গনে কোন দলীয় ও রাজনীতিকরন ছিল না।

তখন মাঠের যারা ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ছিল; তাদেরকে নিয়ে ক্রীড়াঙ্গন গড়ে তুলার কারনেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাফল্য আমরা দেখেছিলাম। তাই ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আর দলীয়করণ করা হবে না। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গুলশানের লেকশো’র হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর উপদেষ্টা ড. মাহদী আমিন,সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের প্রধান সমন্বয়ক আকতার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক (দপ্তর),মো. আক্তার হোসেন,আতাউর রহমান চেয়ারম্যান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য আলী আকবর আলী,মোজাম্মেল হোসেন সেলিম,জাহাঙ্গীর মোল্লা,রেজাউর রহমান ফাহিম,ডাঃ এ কে এম কবির আহমেদ রিয়াজ,আবুল হোসেন আব্দুল,শামীম পারভেজ,নুরুল হুদা ভূঁইয়া,রফিকুল ইসলাম মেম্বার,এ এস এম খালেদ,এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল,জাহেদ পারভেজ চৌধুরী তাসলিমা রিতা,ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব এ্যাড রুনা লায়লা,কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসীন সিদ্দিকী রনী ছাড়াও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার,যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, তেজগাঁও থানা বিএনপির আহবায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু,উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক আমিনুল হক,যুগ্ম আহবায়ক এসআই টুটুল,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান,উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারী, মিরপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু,আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সাদেক হোসেন স্বাধীন,যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার,আবুল কালাম আজাদ,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসনাত তুহিন মাষ্টার,বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন,বনানী থানা বিএনপির যুগ্ম আহবায়ক ঈমান হোসেন নূর,গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির,ভাটারা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম মিয়া,বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের বাবু, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহবায়ক নিলুফার ইয়াসমিন,শাহআলী থানা বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান দেওয়ান,তুরাগ থানাবিএনপি যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা, মহিউদ্দিন রাজা,মোঃ চান মিয়া,শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজালাল সিকদার সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা কমিটির দায়িত্বশীল নেতারা। অনুষ্ঠানে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ঢাকা মহানগর উত্তর এর ২৬ টি থানাকে ৮ টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল খেলার পরে ২ টি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।খেলাগুলো ঢাকার মাঠে দেখা যাবে। জিয়া আন্তঃ থানা ফুটবলের এই টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হবে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে নবাগত প্রথম নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মো: মহিদ:
মানিকগঞ্জে নবাগত প্রথম নারী পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি তাঁদের কাছে জেলার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। সাংবাদিকেরা ট্রাফিক জ্যাম, সড়কের পাশে গাড়ি রাখা, ফুটপাতে দোকান, চাঁদাবাজি ইত্যাদি বিষয় নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় পুলিশ সুপার বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের আয়নাস্বরূপ, যার প্রতিফলন সব জায়গায় হয়। বাংলাদেশ পুলিশ আপনাদের নিয়ে আমরা একত্রে কাজ করতে চাই বিশেষ করে মানিকগঞ্জ জেলায়। চাঁদাবাজির বিষয় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আমরা যারা এখানে কর্মরত আছি, আমরা কোনো চাঁদাবাজি প্রশ্রয় বা আশ্রয় কোনো কিছুই দেব না। আমরা আপনাদের সহযোগিতা চাই। মানিকগঞ্জে যেসব সমস্যা আছে, সেগুলো যাতে সমাধান করতে পারি এবং কার্যকরভাবে জনগণের আস্থা অর্জন করতে পারি, সে চেষ্টা করব। মাদকের বিষয়ে পুলিশ সুপার বলেন, আমি মানিকগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে চাই। এ বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার মাধ্যমে দমন করা হবে। ট্রাফিক জ্যাম, রাস্তার ওপরে দোকান বসানো ইত্যাদি বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয় পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৪ডিসেম্বর-২৪/মওম

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়,মহারাষ্ট্রে গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ। এর অংশ হিসেবে মঙ্গলবার সকালের দিকে দিল্লির কালিন্দ কুঞ্জ এলাকায় বাংলাদেশিদের শনাক্তে অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে এবং এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, মঙ্গলবার ভারতের জাতীয় রাজধানীর কালিন্দ কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। সেখানকার একজন বাসিন্দা বলেছেন, পুলিশ বাসিন্দাদের কাছে সরকারি পরিচয়পত্র ও অন্যান্য বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্য চেয়েছে। এ সময় বাসিন্দাদের বিভিন্ন বিষয়েও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত প্রায় ৫ থেকে ৬ বার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তারা এখানে বসবাসের এবং সরকারি পরিচয়পত্রের বিষয়ে তথ্য চেয়েছে। এখানে কোনও বাংলাদেশি বসবাস করেন না।’’ এদিকে,একই দিনে দেশটির রাজধানীতে বাংলাদেশিদের অবৈধ আধার কার্ড এবং জাল নথি তৈরি করে দেওয়ার কাজে জড়িত সন্দেহে অন্তত ১১ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আধার কার্ডের অপারেটর এবং ভুয়া ওয়েবসাইট তৈরিতে জড়িত প্রযুক্তি বিশেষজ্ঞও রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন।

দিল্লি পুলিশের দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার (ডিসিপি) অঙ্কিত চৌহান বলেন, অভিযুক্তরা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জাল আধার কার্ড, ভোটার আইডি এবং অন্যান্য ভুয়া নথিপত্র তৈরি করে বাংলাদেশি নাগরিকদের সহায়তা করেছিলেন।

তিনি বলেন, ‘‘অবৈধ অভিবাসীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের জন্য জঙ্গল পথ এবং এক্সপ্রেস ট্রেন ব্যবহার করেছেন। দিল্লি পুলিশের এই কর্মকর্তা বলেন, জাল ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভুয়া নথি সরবরাহের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রাজধানীতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে দুই মাসের বিশেষ অভিযান চালানোর নির্দেশও দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এএনআই বলেছে, শহরটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৪ডিসেম্বর-২৪/মওম

জঙ্গলে ফেলে দেওয়া, অসুস্থ বৃদ্ধের ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় অসুস্থ বৃদ্ধ বাবাকে তার সন্তানেরা বৃদ্ধাশ্রমে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসে জঙ্গলে ফেলে রেখে যায়। পরে জয়দেবপুর থানা পুলিশের মানবিক প্রচেষ্টায় উদ্ধার হওয়া বৃদ্ধ সাকিব আলী সরদার অবশেষে গাজীপুর সদর উপজেলার মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই পেয়েছেন।
উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন তিনি।
গত ৪ ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে.বাড়ি বৃদ্ধাশ্রমে বৃদ্ধকে নেওয়ার চেষ্টা করে তার সন্তানরা। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে রাখতে অপারগতা প্রকাশ করলে, সন্তানেরা তাকে জঙ্গলে ফেলে চলে যায়। অসহায় অবস্থায় তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২০ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে এতদিনেও তার কোনো সন্তান খোঁজ নিতে আসেননি।
বৃদ্ধের শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেয়। এরপর মঙ্গলবার ( ২৩শে ডিসেম্বর) রাত ৮টার দিকে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম নিজ উদ্যোগে তাকে থানার গাড়ি দিয়ে গাজীপুর সদর উপজেলার মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তৃপক্ষের কাছে বৃদ্ধকে বুঝিয়ে দেন এবং সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ওসি হালিম বলেন, “এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি চেষ্টা করব, তিনি যেন বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারেন।
এই ঘটনায় স্থানীয়রা ওসির মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করবে।
পুনর্বাসন কেন্দ্রে স্থান পাওয়ার পর সাকিব আলী সরদার বলেন, “আমার সন্তানরা আমাকে ফেলে গেলেও আল্লাহ আমাকে সাহায্য করার জন্য এমন মানুষ পাঠিয়েছেন। আমি এই ভালোবাসার জন্য কৃতজ্ঞ।
এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে মানবিকতা আজও বেঁচে আছে। ওসি হালিমের এ উদ্যোগ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
আলোকিত প্রতিদিন/এপি

আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে নাগরপুরে যুবদল ও শ্রমিকদলের আনন্দ মিছিল

প্রতিনিধি,নাগরপুর (টাংগাইল): 
দীর্ঘ প্রায় ১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তার মুক্তির খবরে টাঙ্গাইলের নাগরপুরে মিছিল করেছে  উপজেলা বিএনপির যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে রাজিয়া শপিং কমপ্লেক্স থেকে মিছিল শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন-নাগরপুর উপজেলা যুবদলের(ভারপ্রাপ্ত) আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আলতাব হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক জি.এস ইকবাল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাসান জাকির, প্রচার সম্পাদক মো.সাইদুর রহমান, যুবদল নেতা শামসুল হক, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক মো.শফিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৪ডিসেম্বর-২৪/মওম