আজ , ।   
Home Blog Page 626

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া : মির্জা ফখরুল

আলোকিত প্রতিবেদক: চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে কিছু বার্তা দিয়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি দেশের সব মানুষ যেন ভালো থাকে সে কামনা করেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বিদায় দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন কামনা করেছেন দেশের মানুষ যেন ভালো থাকে। গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয়, সে বিষয়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ছয় বছর আটক করে রাখা হয়। এই আটক করে রাখার সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম, তাকে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।’

বিএনপি চেয়ারপারসনের ফিরে আসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।’

গতকাল বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে বিদায় জানান। দলের চেয়ারপাসনকে বিদায় জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির হাজারো নেতাকর্মী। বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে তাতেও দুর্ভোগ পুরোপুরি এড়ানো যায়নি। বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু নেতাকর্মীদের অনেকে রাস্তায় নেমে আসেন।

চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান একসঙ্গে দেশে ফিরবেন এমন প্রত্যাশা করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোকিত প্রতিদিন/এপি

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ মুখোমুখি!

আলোকিত প্রতিবেদক: সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা।

এ নিয়ে দুদফা পতাকা বৈঠক হয়। তবুও সুরাহা হয়নি। ফলে উভয় বাহিনীই সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম‍্যানসল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ‍্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে পাঁচ- ছয় মাস আগে। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা দেখা দেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে।

৫৯-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ‍্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নিমার্ণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। এতে উত্তেজনা বাড়ে।

তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনীই সর্তক অবস্থানে রয়েছে। তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।

আলোকিত প্রতিদিন/এপি

চকরিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাঁধা দেয়ায়  এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত-১

সাদ্দাম হোসাইন, চকরিয়ায় জমি দখলে বাঁধা দেয়ায় গুরুতর আহত হয়েছেন এক নারী।  ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ভরাচর এলাকায় ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী নারী খালেদা বেগম জানান, ফাঁসিয়াখালীর মৃত রশিদ আহমদ চৌধুরীর পুত্র ভূমিদস্যু শাহেদ ও আরমানের নেতৃত্বে ভরাচর এলাকার হাবিব উল্লাহ প্রকাশ লেদু ডাকাতের পুত্র আশেক উল্লাহ, মাশেক উল্লাহ, লেদু ডাকাতের  স্ত্রী শবে মেহেরাজ, আশেক উল্লাহর স্ত্রী রিফা বেগমরা আমার চাষের জমিতে কাজ করার সময় কাজ বন্ধ রাখার জন্য বলে এবং  জমি দখলের চেষ্টা চালায়।  আমি দখলে বাঁধা দিলে আশেক গংরা আমার মাথায় ধারালো কিরিচ দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে।

তিনি আরো জানান, আমাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  স্বাস্থ্যর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। আমি আমার উপর হামলার বিচার ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল কাদের ভূইয়া জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম সবুজ:

যুবদল কেন্দ্রী সংসদের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়নের দরুন ফুটানি বাজার এলাকায় টাঙ্গাইল জেলা জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ এ শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, আব্দুল্লাহেল কাফী সাহেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, ছাত্রদল নেতা তানভীর হাসান রুবেল, ফরিদ, সবুজ ও আল আমিন প্রমূখ। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৭ জানুয়ারি-২৫/মওম

আমি আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম,মাওলানা মামুনুল হকের কাছে ঋণী: মুফতি আমির হামজা

শাখাওয়াত হোসেন মোল্লা:
আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা বলতে গিয়ে কুষ্টিয়ার মুফতি আমির হামজা বলেছেন, আমি মাওলানা মামুনুল হকের কাছে ঋণী। তিনটা বছর জেলের ভিতর উনি আমার পিছনে অনেক শ্রম দিয়েছে ,আমি জেলের ভিতর ছিলাম  সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ।  আমি নিজে ও আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম, আমি দেখেছি ওখানে মানুষকে কি ধরনের নির্যাতন করা হয়। বছরের পর বছর বন্দী ছিল মানুষ ওই আয়না ঘরে,বন্দিদের চুল হাতের নখ এত বড় হয়ে যেত; যে সেই নখ দিয়ে দেয়ালে তাদের স্বজনদের মোবাইল নাম্বার লিখে রেখে, পাশে লিখে দিত যদি কেউ এখান থেকে বের হয়ে যেতে পারেন  তবে এই নাম্বারে একটু জানিয়ে দেবেন আমি বেঁচে আছি।
সোমবার রাত দশটার দিকে মাদারীপুরের শিবচরের দ্বিতীয় খন্ড ইউনিয়নের  মোল্লা বাড়ির জামে মসজিদ ও চরকেশবপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি, কুরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং আগামীতে কুরআনের আইনে দেশ পরিচালনা হাওয়ার প্রত্যাশা রাখেন।
হাজী খলিলুর রহমান মোল্লার সার্বিক তত্ত্বাবধানে ও বাহাদুরপুরের পীর সাহেব,মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আরো বক্তব্য রাখেন, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন আল্লামা হাসান জামিল সহ আরো অনেকে।  এ সময় বিভিন্ন বক্তার  ধর্মীয় আলোচনা শুনতে মানুষের ঢল নামে।
আলোকিত প্রতিদিন/৭ জানুয়ারি-২৫/মওম

দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ: জি এম কাদের

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

৭ জানুয়ারি মঙ্গলবার এক বার্তায় তিনি খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন। একইসঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার এবং খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।

বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। মহান আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

আলোকিত প্রতিদিন/৭ জানুয়ারি-২৫/মওম

৬ সন্তান ও স্বামীকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালালেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

স্বামীকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন এক স্ত্রী। স্বামীর পাশাপাশি তিনি ফেলে রেখে গেছেন তার ৬ সন্তানকেও। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। পুলিশও অভিযুক্ত ভিক্ষুকের খোঁজ শুরু করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।  ৭ জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের হারদোই জেলার ৩৬ বছর বয়সী এক নারী তার স্বামী এবং ছয় সন্তানকে পরিত্যাগ করে একজন ভিক্ষুকের সাথে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

মূলত এই অভিযোগটি নারীকে অপহরণের সাথে সম্পর্কিত। পুলিশ মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজ করছে বলে জানা গেছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ছয় সন্তানের সাথে হারদোইয়ের হরপালপুর এলাকায় থাকেন। মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন পঁয়তাল্লিশ বছরের নানহে পণ্ডিত। নানহে নামের ওই ভিক্ষুক প্রায়ই রাজেশ্বরীর সাথে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন বলেও তিনি জানিয়েছেন।

পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজু তার অভিযোগে আরও বলেছেন, “গত ৩ জানুয়ারি দুপুর ২টার দিকে আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলেছিল— সে জামা-কাপড় এবং সবজি কিনতে বাজারে যাচ্ছে। পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। আমার একটি মহিষ বিক্রির টাকা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে। আমার সন্দেহ, নানহে পণ্ডিত তাকে নিয়ে গেছে।”

পুলিশ জানিয়েছে, তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, “কেউ যদি কোন নারীকে অপহরণ করে তবে অভিযুক্তকে দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে এবং একইসঙ্গে জরিমানাও দিতে হতে পারে।”

আলোকিত প্রতিদিন/৭ জানুয়ারি-২৫/মওম

ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্য থেকে কিছু সংখ্যককে পুলিশের চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কীভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। যারা আহত হয়েছে তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপাতত ১০০ জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি, পরবর্তী সময়ে আমরা এই সংখ্যাটা আরও বাড়াব।

৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আপাতত পুলিশে শুরু করছি, পরবর্তী সময়ে আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবথেকে বড় সমস্যা ছিল মানিলন্ডারিং। এটা নিয়ে আমি সিআইডি প্রধানকে ইন্সট্রাকশন দিয়েছি। বলেছি, দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য।

তিনি বলেন, তদন্তের নামে সময়ক্ষেপণ লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত, সেটা আমি সিআইডিকে বলেছি। যদি তদন্তের নামে দুই তিন বছর চলে যায় তাহলে এটার কোনো কার্যকারিতা থাকে না।

জাহাঙ্গীর আলম বলেন, ট্রাফিকের একটা সমস্যা রয়ে গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রপোজাল পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত ৪০০ জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আরও একটি প্রপোজাল পাঠিয়েছিলাম যে বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত করা। তবে অবসরপ্রাপ্তরা এই বিষয়ে রেসপন্স খুব কম দিয়েছেন। আমি ভেবেছিলাম তারা অনেকে আসতে চাইবে, কিন্তু ওই রকম সংখ্যা আমরা পাইনি। তবে আমরা আপাতত ৫০-৬০ জনের মতো পেয়েছি। তবে চেয়েছিলাম অন্তত ৫০০ জন দিয়ে শুরু করি।

শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিকিংয়ের বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেজন্য তাদের আমরা সময়টা কম দিয়েছি। তারা যেন পড়াশোনাও করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। একটা সম্মাননিও দেওয়া হচ্ছে। রাস্তায় তারা ২-৩ ঘণ্টা কাজ করবে।

আলোকিত প্রতিদিন/৭ জানুয়ারি-২৫/মওম

তিব্বতের ভূমিক*ম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিহ*ত কমপক্ষে ৫৩

আলোকিত প্রতিবেদক: চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমও এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, আজ মঙ্গলবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে  ভূমিকম্পটি আঘাত হানে।

যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। তবে চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) অনুসারে, ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 

চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে এই বিধ্বংসী ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও এ কম্পন অনুভূত হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দেয়াল ভেঙে পড়েছে এবং ঘর-বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটছেন। কেউ কেউ স্থানীয়দের গরম রাখার জন্য মোটা কম্বল দিচ্ছেন।

সিসিটিভির কিছু ফুটেছে দেখা গেছে, ঘটনার সময় মানুষ ভয়ে দৌড়াচ্ছে এবং সবকিছু কাঁপছে।

তিব্বতের ভূমিকম্প ব্যুরো মঙ্গলবার বিবিসিকে জানায়, তারা ক্ষয়ক্ষতির আনুমানিক সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। তারা এখনও নিহতের সংখ্যা যাচাই করছে।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং পূর্ণ মাত্রায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঠিকভাবে পুনর্বাসন এবং শীতকালে তাদের নিরাপত্তা ও উষ্ণতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

সিনহুয়া জানিয়েছে, ‘ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করতে স্থানীয় কর্তৃপক্ষ কাউন্টির বিভিন্ন শহরের সঙ্গে যোগাযোগ করছে।’ ডিংরিতে তাপমাত্রা প্রায় মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস (১৭.৬ ডিগ্রি ফারেনহাইট) এবং আজ সন্ধ্যায় মাইনাস ১৮-এ নেমে যাবে বলে চীন আবহাওয়া প্রশাসন আশঙ্কা করছে।

চীনা বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং ড্রোন পাঠিয়েছে। অঞ্চলটি এভারেস্টের পাদদেশে অবস্থিত। সেখানে তাপমাত্রা অনেক কম। সেখানে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উঁচু পাহাড়ি এলাকার জন্য তাঁবু, কম্বল এবং হিমশীতল এলাকার জন্য ত্রাণ সহায়তা প্রেরণ করা হচ্ছে।

এদিকে, কাঠমান্ডুর পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী উচ্চ পর্বতমালায় নেপালের লোবুচের আশেপাশের অঞ্চলগুলো কম্পন এবং আফটারশকে বিপর্যস্ত হয়ে পড়েছিল।

এভারেস্টের কাছাকাছি অবস্থিত নেপালের নামচে অঞ্চলে সরকারি কর্মকর্তা জগৎ প্রসাদ ভুসাল বলেছেন, ‘এখানেও বেশ প্রবলভাবে কম্পন অনুভূত হয়েছে, সবাই জেগে আছে।’ তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নেপালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ঋষি রাম তিওয়ারি বলেছেন, ‘ভূমিকম্পে কেঁপে ওঠার পরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৫ জন ভারতীয় চোরাকারবারী গ্রেপ্তার 

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়ায়  ভারতীয় চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা।  সোমবার (৬/১/২৫) সকালে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া ও কালিকাপুর, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম. জাবের বিন জব্বার, পিএসসি, এসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), একই এলাকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩) ও মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব বার্মা (৩৬), ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়া পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া (৩০) ও ভারতের  সিপাহীজলা জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মোঃ হোসেন মিয়া (৫৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টায় কসবা উপজেলার সীমান্তবর্তী কুইয়াপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দোজন দেব বার্মা, তমে দেব বার্মা ও বিমল দেব বার্মাকে আটক করে বিজিবির সদস্যরা। পরে পৃথক অভিযানে বেলা সাড়ে ১১টার সময় উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাদশা মিয়া এবং দুপুর সাড়ে ১২টার সময় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হোসেন মিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে। গ্রেপ্তারকৃত ৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এবং ১ জনকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি