আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 33

জননিরাপত্তা রক্ষায় নতুন আইন ও এলিট ফোর্স গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:

জননিরাপত্তা নিশ্চিত করতে একটি এলিট ফোর্সের প্রয়োজন হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে র‌্যাব এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে যা সঠিক নয়। র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৮ মে) র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা র‍্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়ন করছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে যা মানবাধিকার সমুন্নত রাখবে এবং জননিরাপত্তা নিশ্চিত করবে।”

মন্ত্রী বলেন, নতুন বাহিনী সম্পূর্ণভাবে মানবাধিকার রক্ষা করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে, র‍্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কয়েকজনের ভুল পুরো প্রতিষ্ঠানকে দায়ী করতে পারে না। আইন অনুযায়ী ব্যক্তিগতভাবে দায়ী কর্মকর্তাদের বিচার করা হবে। তিনি আরও জানান, র‍্যাবের উপর আমেরিকার দেওয়া স্যাংশন মূলত অতীত রাজনৈতিক ব্যবহারের কারণে হয়েছে, যা নতুন আইন প্রণয়নের পর পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আইন প্রণয়নের পরে এই বাহিনীকে যথাযথ প্রশিক্ষণ, লজিস্টিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন যে, আইন প্রণয়নের মাধ্যমে ফোর্সটি স্বচ্ছ, জবাবদিহি সম্পন্ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হবে।

এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে র‍্যাব ব্যবহারের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় র‍্যাব বা অন্য কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, গুম সংক্রান্ত বিষয়গুলো আইসিটি আইনের আওতায় যথাযথ বিচার নিশ্চিত করা হবে।

র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী ও চালকরা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

সড়ক বিভাগ সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রাখা হয়েছে এবং এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ধীরে ধীরে যানজট সোনারগাঁ থেকে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ সময় স্থির হয়ে আছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।

ঢাকাগামী ট্রাকচালক ওবায়দুল মিয়া বলেন, “সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই যানজটে আটকা আছি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও গাড়ি তেমন এগোচ্ছে না।”

তিশা পরিবহনের যাত্রী বৃষ্টি পোদ্দার বলেন, “যেখানে ১০ মিনিটে পৌঁছানোর কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং মিস করেছি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো।”

প্রাইভেটকার চালক মোহাম্মদ রাব্বানি জানান, “মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন পুরোপুরি স্থবির। স্বাভাবিক সময়ে এই পথ যেতে ৮–১০ মিনিট লাগে।”

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, “লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলায় সকাল থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল হচ্ছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

আলোকিত প্রতিদিন / এম আর এম

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মর*দেহ উদ্ধার

প্রতিনিধি, মাদারীপুর:

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও আট মাসের শিশু।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।

ওসি বলেন, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ তার পরিবার। রাতের খাবারের পর তারা এক কক্ষে অবস্থান করছিলেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর ফোন পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ, যিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। মরদেহগুলো মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে এবং আলামত জব্দ করা হচ্ছে। কিছু বিষয় সন্দেহের সৃষ্টি করছে, বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।”

আলোকিত প্রতিদিন / এম আর এম

গরমে বাড়ছে ৭ রোগের ঝুঁকি, যেভাবে থাকবেন সতর্ক

লাইফস্টাইল ডেস্ক :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে তাপমাত্রা ও আর্দ্রতা। ফলে আগের তুলনায় গ্রীষ্মকাল এখন অনেক বেশি তীব্র ও অস্বস্তিকর। অতিরিক্ত গরম, দূষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন অসুস্থতায় বেশি ঝুঁকিতে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময়ে কিছু রোগ সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকা জরুরি।

নিচে গ্রীষ্মকালে বেশি দেখা যায় এমন ৭টি রোগ সম্পর্কে তুলে ধরা হলো—

১. হিট স্ট্রোক
তাপজনিত সবচেয়ে গুরুতর সমস্যা হলো হিট স্ট্রোক। এ অবস্থায় শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় এবং শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা হতে পারে না। শুষ্ক ও গরম ত্বক, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন এবং অজ্ঞান হয়ে যাওয়া এর প্রধান লক্ষণ। শিশু, বয়স্ক ও বাইরে কাজ করা ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

২. পানিশূন্যতা
গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়। ফলে পানিশূন্যতা দেখা দেয়। অতিরিক্ত তৃষ্ণা, মাথা ঘোরা, দুর্বলতা ও গাঢ় রঙের প্রস্রাব এর সাধারণ উপসর্গ। সময়মতো চিকিৎসা না নিলে কিডনির জটিলতাও হতে পারে।

৩. ডায়রিয়া
গ্রীষ্মকালে খাবার ও পানি সহজেই জীবাণু দ্বারা দূষিত হয়। এতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। বারবার পাতলা পায়খানার কারণে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং পানিশূন্যতা দেখা দেয়, যা শিশুদের জন্য বেশি বিপজ্জনক।

৪. কলেরা
দূষিত পানি পান করার ফলে কলেরা হয়। এটি মারাত্মক ধরনের ডায়রিয়া, যাতে হঠাৎ প্রচুর পরিমাণে পাতলা পায়খানা শুরু হয়। দ্রুত শরীরের পানি কমে গিয়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে।

৫. টাইফয়েড
অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির কারণে টাইফয়েড ছড়ায়। দীর্ঘস্থায়ী জ্বর, পেটব্যথা, মাথাব্যথা ও ক্লান্তি এর প্রধান লক্ষণ। চিকিৎসা না করালে অন্ত্রে জটিলতা তৈরি হতে পারে।

৬. জন্ডিস (হেপাটাইটিস এ)
হেপাটাইটিস এ ভাইরাসের কারণে হওয়া এই রোগ দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, গাঢ় প্রস্রাব, বমি বমি ভাব ও অতিরিক্ত ক্লান্তি এর সাধারণ উপসর্গ।

৭. ডেঙ্গু
বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও গরমের শেষ দিকে জমে থাকা পানিতে মশার বংশবৃদ্ধির কারণে এর ঝুঁকি বাড়তে শুরু করে। উচ্চ জ্বর, শরীর ও গাঁটে ব্যথা, ফুসকুড়ি এবং প্লেটলেট কমে যাওয়া ডেঙ্গুর লক্ষণ।

যেভাবে নিরাপদ থাকবেন
গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি ও তরল পান করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং নিরাপদ খাবার গ্রহণ করতে হবে। পাশাপাশি অতিরিক্ত রোদ এড়িয়ে চলা ও মশা থেকে সুরক্ষার ব্যবস্থাও জরুরি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঈদে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সব ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে জানানো হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন ও পরের পাঁচ দিন স্টেশনগুলো দিন-রাত খোলা থাকবে।

অন্যদিকে, রোজার ঈদের ধারাবাহিকতায় এবারও কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা সাত দিনের ছুটি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আলু দিয়ে গরুর কলিজা ভুনার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক:

কলিজা ভুনা আমাদের অনেকেরই প্রিয়। তবে আলু দিয়ে কলিজা ভুনা খেতেও কিন্তু কম সুস্বাদু নয়। বাড়িতে মেহমান এলে, কিংবা ঘরোয়া আয়োজনে রাখতে পারেন কলিজার সুস্বাদু এই পদ। তবে কলিজা রান্নার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল না করলে তা খেতে সুস্বাদু না-ও লাগতে পারে। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরিতে যা  লাগবে:

কলিজা- আধা কেজি আলু- ২/৩টি পেঁয়াজ কুচি- ১ কাপ হলুদের গুঁড়া- ১ চা চামচ মরিচের গুঁড়া- ১ চা চামচ আদা বাটা- ১ চা চামচ রসুন বাটা- ১ চা চামচ  জিরা ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে গরম মসলা গুঁড়া- আধা চা চামচ তেল- পরিমাণমতো লবণ- স্বাদমতো কাঁচা মরিচ- ৪-৫টি।

যেভাবে রান্না করবেন:

কলিজার টুকরোগুলো গরম পানিতে ৫-১০ মিনিট ভাপিয়ে ভালোভাবে ধুয়ে নিন। রান্নার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। এরপর আদা, রসুন ও সামান্য পানি দিয়ে সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর তাতে কলিজার টুকরাগুলো দিয়ে মিনিট দশেক কষিয়ে নিন। কলিজা থেকে তেল ভেসে উঠলে কিউব করা আলু ও সামান্য পানি দিন। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিন। সেদ্ধ হলে তাতে কাঁচামরিচ এবং গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিয়ে মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন।

আলোকিত প্রতিদিন / ১৭ মে ২০২৬ /মওম

চীনের নাগরিক পরিচয়ে কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবক, উৎসুক জনতার ভিড়

মেহেদি হাসান পথিক, কুড়িগ্রাম। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ওই যুবকের নাম অন হুং ওয়েই।

রোববার (১৭ মে) সকালে বিদেশি জামাই কুড়িগ্রামে, এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল শনিবার ওই যুবক প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসলে উৎসুক জনতার ভিড় ক‌রেন বা‌ড়ি‌তে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর শনিবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। এ সময় আন হুং ওয়েই না‌মে ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন।

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিক পরিচয় পাওয়ায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়। তবে ওই যুবকের কাছে থাকা পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।

মোর্শেদা বেগম জানান, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে চায়না যুবক আমাকে পছন্দ করে ঢাকায় বিয়ে করে। সে আমাকে চায়নায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই আমি আমার গ্রামের বাড়িতে তাকে নিয়ে ঘুরতে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ফেরদৌস আলম বলেন, চীনের নাগরিক এসেছে এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, লোকমুখে শুনেছি প্রেমের সম্পর্কের টানে চায়নার যুবক ফুলবাড়ীর মেয়েকে বিয়ে করে কাশিপুরে এসেছে। এর বেশি কিছু জানি না।

আলোকিত প্রতিদিন/এপি

রাজধানীর মুগদায় মাথাবিহীন ৭ টু*করো ম#রদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন পুরুষের আলাদা করে পলিথিনে মোড়ানো সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে মুগদার মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনেবেজমেন্টের নিচ থেকে খন্ডিত এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান। তিনি আরও বলেন, বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে আলাদা করে পলিথিনে মোড়ানো অর্ধগলিত মানবদেহের মাথাবিহীন সাতটি খন্ডিত অংশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধারনা করা হচ্ছে, মৃত ওই ব্যক্তিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে ফেলে গেছে, হাত-পাসহ শরীরের সাত টুকরো করে ওই এলাকায় ফেলে রেখে গেছে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক:

চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন কিয়ার স্টারমার। সুনির্দিষ্ট সময়ে তিনি পদত্যাগ করবেন বলে ইতোমধ্যে ঘনিষ্ঠ সহযোগীদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। রবিবার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির মন্ত্রিসভার এক সদস্যের বরাত দিয়ে ডেইলি মেইল বলেছে, স্টারমার প্রধানন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত। তবে তিনি তা করবেন ‘নিজের শর্তে’। সংশ্লিষ্ট ওই সূত্র বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুঝতে পেরেছেন যে বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি আর টেনে নেওয়া সম্ভব নয়। নিজের পছন্দমতো সময়ে বিদায় নিতে চান। শিগগিরই এই বিষয়ে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করবেন তিনি।

স্টারমার প্রশাসনের ওপর সাধারণ মানুষের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে বর্তমানে গভীর সংকটে রয়েছে লেবার পার্টির সরকার। পিটার মেন্ডেলসনকে নিয়োগ নিয়ে বিতর্ক এবং শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার সংশ্লিষ্টতা থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি—সব মিলিয়ে স্টারমারের পদত্যাগের দাবি এখন তুঙ্গে।

সবশেষ বড় ধাক্কাটি এসেছে স্টারমার মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের মধ্য দিয়ে। শনিবার স্ট্রিটিং বলেছেন, লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে তিনি স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন। এই ঘোষণার মধ্য দিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজেকে শামিল করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

দেশটির সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী স্টারমারকে তার বিদায়ের ‘সময়সূচি’ নির্ধারণ করারও আহ্বান জানিয়েছেন।
ব্রিটেনের এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে যোগ হয়েছে স্টারমারের জনপ্রিয়তায় বড় ধস। ইউগভ ইউকের এক জরিপে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক এই লেবার প্রধানমন্ত্রীর ব্যাপারে ‘নেতিবাচক’ মনোভাব পোষণ করেন।

ইউগভ বলেছে, স্টারমার বর্তমানে যুক্তরাজ্যের ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রী। অনেকেই তার এই পরিস্থিতির সঙ্গে লিজ ট্রাসের সংক্ষিপ্ত ৪৯ দিনের প্রধানমন্ত্রিত্বের তুলনা করছেন।

এদিকে, স্টারমারের নিজের রাজনৈতিক দলও তার নেতৃত্বের ওপর আস্থা হারাচ্ছে। অনেক লেবার এমপির আশঙ্কা, স্টারমারের এই জনপ্রিয়তা হ্রাসের ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে লেবার পার্টির ক্ষমতায় ফেরার পথ রুদ্ধ হতে পারে।

সূত্র: ডেইলি মেইল।

আলোকিত প্রতিদিন / ১৭ মে ২০২৬ /মওম

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘো#ষণায় থাকছেন: ৭০০ সাংবাদিক!

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে শুধু ব্রাজিলেই নয়, গোটা ফুটবল বিশ্বে এখন আলোচনার খোরাক জুগিয়েছে বিষয়টি।

আগামীকাল সোমবার বিকেল ৫টায় রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। সেই অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন জানা গেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো।

সিবিএফ জানিয়েছে, অনুষ্ঠানটি দুই ভাগে আয়োজন করা হবে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও থাকবেন। এ ছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেবেন আনচেলত্তি।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক ৩৪০ আসনের ওই অডিটোরিয়ামে থাকছে বিশেষ কিছু নিয়মও। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম বসাতে হবে। ফটোগ্রাফারের সংখ্যাও সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি টিভি চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে দল ঘোষণাকে ঘিরে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে নেইমারের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক। একদল এই ফরোয়ার্ডের বিশ্বকাপ দলে দেখতে চাইলেও, আরেকদল এর বিপক্ষে। আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে ইস্যুতে কোন পথে হাঁটেন সেটা জানা যাবে আগামীকাল।

আলোকিত প্রতিদিন/এপি