আজ , ।   

একসময়ের প্রাণরক্ষাকারী প্রতিষ্ঠান, এখন অচল জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট

আরো খবর

মো. সিয়াম:

স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতে জনস্বাস্থ্যভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেয় বিশ্বের বিভিন্ন দেশ। অথচ বাংলাদেশ কি হাঁটছে উল্টো পথে? একসময় জলাতঙ্কের টিকা, জীবনরক্ষাকারী খাবার স্যালাইনসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী উৎপাদন করত জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। হতো বিভিন্ন জটিল রোগের পরীক্ষা ও গবেষণা। কিন্তু সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সংকুচিত হয়েছে। এখন অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় কাটছে দেশের জনস্বাস্থ্যবিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সময়। যেন কেটে চলেছে সোনালি অতীতের জাবর।

গত পাঁচ বছরে একের পর এক জনস্বাস্থ্য সংকট দেখা দিলেও প্রতিষ্ঠানটির কার্যক্রমে নেই প্রত্যাশিত গতি। কেন এই অচলাবস্থা? উত্তর খুঁজছেন সচেতন মহল।

দেশের জনস্বাস্থ্যের উন্নয়নে ‘সমন্বিত জনস্বাস্থ্য পরীক্ষাগার’ নামে ১৯৫২ সালে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। পরের বছর নামকরণ হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। একসময় প্রায় এক হাজার গবেষক ও শিক্ষাবিদের সমন্বয়ে এর কার্যক্রমের পরিধি ছিল ব্যাপক। সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি এখন কেবল দেশের স্বাস্থ্যখাতের প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর একটি।

অথচ একসময় সরকারি এই প্রতিষ্ঠান উৎপাদন করত জলাতঙ্কের টিকা, খাবার স্যালাইন, ব্লাড ট্রান্সফিউশন ব্যাগ, আইভি ফ্লুইডসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী। পাশাপাশি হতো বিভিন্ন জটিল রোগের পরীক্ষা। এখানে রয়েছেন ভাইরোলজিস্ট, এপিডেমিওলজিস্ট, ব্যাকটেরিওলজিস্টসহ জনস্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ গবেষক।

২০০৪ সালে দেশের অর্ধেকেরও বেশি খাবার দূষিত বলে শনাক্ত করেছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সাম্প্রতিক বছরগুলোতে দেশ মোকাবিলা করেছে করোনা মহামারি, ডেঙ্গু ও কলেরার প্রকোপ। বর্তমানে চলছে হামের সংক্রমণ। অথচ এসব জনস্বাস্থ্য সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন।

জনস্বাস্থ্যের জন্য হুমকিপূর্ণ পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা রাখার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। হাম-রুবেলা, পোলিওসহ বর্তমানে মাত্র চারটি পরীক্ষাগার সচল রয়েছে। বন্ধ ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে না পারায় বন্ধ হয়েছে আরও কয়েকটি পরীক্ষাগার ও উৎপাদন কার্যক্রম।

করোনা মহামারির সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিবর্তে বাড়তি দায়িত্ব পালন করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট: আইইডিসিআর। প্রায় ৪৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের অধিকাংশ সম্পত্তিও এখন বেদখলে।

স্বাস্থ্যসেবার চাপ কমাতে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছে বিশ্বের বিভিন্ন দেশ। বিপরীতে বাংলাদেশে কেন হারিয়ে যাচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সক্ষমতা? বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। সেই লক্ষ্য অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত যে প্রতিষ্ঠান, তারই এখন বেহাল দশা। সংকট কোথায়, সমাধানই বা কী, উত্তর যেন অজানা।

- Advertisement -
- Advertisement -