আজ , ।   

ইউজিসি স্বীকৃত অনার্স মাস্টার্স করেও নিয়োগবিধিতে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির শিক্ষার্থীরা

আরো খবর

রাজু আহমেদ: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও সরকারি চাকরিতে যথাযথ পদমর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির হাজারো গ্র্যাজুয়েট। সেকেলে নিয়োগবিধি প্রশাসনিক জটিলতা ও নীতিনির্ধারণী পর্যায়ের উদাসীনতায় উচ্চশিক্ষিত এই পেশাজীবীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এর প্রভাব পড়ছে দেশের রোগ নির্ণয় ব্যবস্থা, গবেষণা ও জনস্বাস্থ্যের ওপর।

সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের অভিযোগ, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে উচ্চশিক্ষার সুযোগ থাকলেও সরকারি নিয়োগ কাঠামোয় এসব ডিগ্রির যথাযথ মূল্যায়ন নেই। স্বাস্থ্য অধিদপ্তরের অধীন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কর্মরত সত্ত্বেও পেশাজীবীদেরকে নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮-এর আওতায় রাখায় বেতন-গ্রেড, পদোন্নতি ও পেশাগত মর্যাদায় বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ১৯৬৬ সালের টেকনিক্যাল রিপোর্ট সিরিজ নং ৩৪৫:দি ট্রেইনিং অফ হেলথ ল্যাবরেটরি পার্সোনেল অনুযায়ী ল্যাবরেটরি প্রফেশনালদের লাইসেন্সিং ও গ্রাজুয়েটদেরকে অন্তর্ভুক্তির জন্য নির্দেশনা দেয়া ছিল এবং ২০১৯ সালের ল্যাবরেটরি লিডারশিপ কম্পিটেন্সি ফ্রেমওয়ার্কে ল্যাবরেটরি জনবলের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, মান নিয়ন্ত্রণ ও নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের জন্য পৃথক পেশাগত কাউন্সিল থাকলেও মেডিকেল টেকনোলজিস্ট ও গ্রাজুয়েট ল্যাবরেটরি সায়েন্টিস্টদের জন্য এখনো স্বতন্ত্র কাউন্সিল প্রতিষ্ঠিত হয়নি।

সংশ্লিষ্টদের মতে, এই আইনি ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে পেশাগত নিবন্ধন, লাইসেন্সিং, আন্তর্জাতিক স্বীকৃতি এবং কর্মক্ষেত্রে দক্ষ জনবল নিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সরকারি হাসপাতালের ল্যাবরেটরিগুলোতে উচ্চশিক্ষিত জনবল ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে আধুনিক যন্ত্রপাতির পূর্ণ ব্যবহার নিশ্চিত হচ্ছে না। ফলে রোগ নির্ণয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভরতা বাড়ছে, যা সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ও বাড়িয়ে তুলছে।

অন্যদিকে, আন্তর্জাতিক শ্রমবাজারে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্টদের চাহিদা থাকলেও রাষ্ট্রীয় স্বীকৃতি, পেশাগত নিবন্ধন ও উপযুক্ত পদমর্যাদার অভাবে বাংলাদেশের গ্র্যাজুয়েটরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে পারছেন না। সংশ্লিষ্টদের ধারণা, আন্তর্জাতিক মানের শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত কাঠামো গড়ে তোলা গেলে দক্ষ জনশক্তি রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

দেশে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি শিক্ষার ক্ষেত্রেও অভিন্ন কারিকুলাম, উচ্চতর গবেষণা ও পিএইচডি কার্যক্রমের ঘাটতি রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নামে কোর্স পরিচালনা এবং গবেষণার সীমিত সুযোগ আন্তর্জাতিক পর্যায়ে গ্র্যাজুয়েটদের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের এসব সংকট নিরসনে ছয় দফা দাবি সামনে এনেছেন শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে ইউজিসি স্বীকৃত ডিগ্রিধারীদের যোগ্যতা অনুযায়ী সরকারি নিয়োগবিধি সংশোধন ও উপযুক্ত পদ সৃষ্টি, স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন, পৃথক মেডিকেল টেকনোলজি অধিদপ্তর প্রতিষ্ঠা, অভিন্ন আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন, উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষক পদে বেতন-গ্রেড ও পদোন্নতিতে বৈষম্য দূর করা।

সংশ্লিষ্টদের মতে, দেশের রোগ নির্ণয় ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার ব্যয় কমানো, সরকারি ল্যাবরেটরি সচল করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির সুযোগ বাড়াতে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি খাতের উন্নয়ন জরুরি। রাষ্ট্রীয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের পরও এসব গ্র্যাজুয়েটদেরকে যোগ্যতা অনুযায়ী কাজে লাগাতে না পারা মানবসম্পদের অপচয়। তাই দীর্ঘদিনের বঞ্চনা ও প্রশাসনিক জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা।

- Advertisement -
- Advertisement -