নিজস্ব প্রতিবেদকঃ
রঙ্গিখালী সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মরহুম আমীন খাইরুল বশরের বড় সন্তান ও সাবেক জনপ্রিয় মেম্বার মরহুম আলহাজ্ব নুর মোহাম্মদ মেম্বারের বড় ভাই এবং কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীর শ্রদ্ধেয় শ্বশুর হাজী মোশতাক আহমদ(৮৫) ইন্তেকাল করেছেন।
২০ নভেম্বর (জুমাবার) রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি, নাতি-নাতনি, ভাই-বোন, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ২১ নভেম্বর (শনিবার) আছরের নামাজের পর রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজের ইমামতি করেন মরহুম মোশতাক আহমদের চাচাত ভাই মাওলানা মুহাম্মদ শাহজাহান।
জানাযা শেষে মোশতাক আহমদের মরদেহ রঙ্গিখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাজা পুর্ব আলোচনায় স্মৃতিচারণ করেন মৃত মোশতাক আহমদের ফুফাত ভাই লেদা ইবনে আব্বাস মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা শাকের আহমদ, জামাতা ও রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলম আজাদ, মরহুমের বড় সন্তান নুরুল আলম প্রমুখ।
জানাযায় শিক্ষক, স্থানীয় রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন।
মরহুম মোশতাক আহমদ জীবদ্দশায় অত্যন্ত সৎ, পরোপকারী ও মিষ্টভাষী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি ছিলেন ধার্মিক এবং ন্যায়পরায়ণ একজন মানুষ।
মরহুমের বড় জামাতা কক্সবাজারের শামীম গেষ্ট হাউসের সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম, অপর জামাতা দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী। এছাড়া তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার সংবাদের বার্তা সম্পাদক ও বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক আমিনুল হক আমিনের নানা শ্বশুর।
এদিকে রঙ্গিখালীর সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মোশতাক আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলোকিত প্রতিদিন /২২নভেম্বর /২০২৬/মওম

