সৈয়দ এনামুল হুদা: নিয়োগকালীন কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা এবং এক ইউনিয়নে তিন কাজী নিয়োগের সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে। একটি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে এবং পেশাগত অস্থিরতা তৈরি হবে।
এ সময় বক্তারা গতকাল রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয়ভাবে ঘোষিত পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তাদের উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হলো:
১. লাইসেন্সে উল্লিখিত বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার অপরিবর্তিত রেখে এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা।
২. মৃত বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদগুলোতে যোগ্য পুত্র বা উত্তরাধিকারীকে সরাসরি লাইসেন্স প্রদান করা।
৩. ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ২১ বিধি সংশোধন করে বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বাড়ানো।
৪. নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালায় উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা বহাল রাখা এবং ইসলামী শরিয়ত ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে দক্ষ আলেম-ওলামাদের নিয়োগ নিশ্চিত করা।
৫. নতুন বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে আলোচনা করা এবং কমিটিতে নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।
অবস্থান কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) মানিকগঞ্জের সব নিকাহ রেজিস্ট্রার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দেবেন।
কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

