বিনোদন ডেস্ক: অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও কাজের বৈচিত্র্য দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন দীপিকা পাডুকোন। ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করে আজ তিনি বলিউডের প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেত্রী। সময়ের সঙ্গে সঙ্গে দীপিকা বদলেছেন তার অভিনয়ের ধরন। একসময় রোমান্টিক চরিত্রে দর্শক মাতানো দীপিকা এখন অ্যাকশননির্ভর চলচ্চিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। মাতৃত্বের অভিজ্ঞতার পর নতুন কাজ নিয়েও দর্শকের আগ্রহ কম নয়।
দীপিকার কাজের তালিকায় বর্তমানে সবচেয়ে আলোচিত সিনেমা কিং। দীর্ঘদিন পর আবারও শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। সদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তির কথা রয়েছে ২৪ ডিসেম্বর। ইতোমধ্যে ছবির ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ ও দীপিকার রসায়ন দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এই জুটিকে দেখার অপেক্ষায় তাদের ভক্তরা।
ভক্তদের জন্য আগামী বছর আরেকটি চমক নিয়ে হাজির হবেন দীপিকা। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন তিনি। পরিচালক অ্যাটলির বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যাকশন সিনেমা ‘রাকা’ নিয়ে ইতোমধ্যে ভারতীয় চলচ্চিত্রে ব্যাপক আলোচনা চলছে। চলতি বছরের আগস্টে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।
জানা গেছে, ছবির গল্পে দেখা যাবে তার সংগ্রামনির্ভর যাত্রা। দীপিকার জীবনে চলতি বছর বিশেষ তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সন্তান জন্মের পর সাম্প্রতিক সময়ে তাকে আবার জনসমক্ষে দেখা গেছে। মাতৃত্বের দায়িত্ব এবং পেশাগত ব্যস্ততার মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করেন, সেটিও এখন আলোচনার বিষয়। দীপিকার সাফল্যমণ্ডিত ক্যারিয়ার এখন যতটা সহজ মনে হয়, ততটা সহজ কিন্তু নয়।
‘পদ্মাবত’ ছবির জন্য প্রাণনাশের হুমকি, গলা-নাক কাটার হুমকিও সহ্য করতে হয়েছে। এ ছাড়া প্রেমসংক্রান্ত বিভিন্ন বিতর্ক তো দীপিকার নিত্যসঙ্গীই বলা যায়। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন দীপিকা। শুরুতে শোবিজের মোহময় জগতে এসে পড়াশোনায় আর এগোতে পারেননি। রান্নাবান্নায় বেশ ঝোঁক আছে দীপিকার। তিনি পাকা রাঁধুনিও।
দীপিকা নিজের ক্যারিয়ারের প্রতি যেমন যত্নশীল, সমাজের প্রতিও তেমনটাই। সুযোগ পেলেই বিভিন্ন দাতব্য সংস্থার জন্য নিজের উপার্জিত অর্থ দান করেন। ম্যারাথন দৌড়ে আয় করা অর্থ দান করেছেন এনজিওতে। মহারাষ্ট্রের এক গ্রামে ক্যাম্পেইন করেছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য।
আলোকিত প্রতিদিন/এপি

