বিনোদন ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আগামী ১৭ নভেম্বর। দিনটি ঘিরে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। নির্মাণ করেছে ‘রুনা মহল’ নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা উপহার হিসেবে শিল্পীর হাতে স্বর্ণের গিটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা।
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।
রুনা লায়লা বাংলা সিনেমার কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমা ছাড়াও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতে তার অবদান রয়েছে। দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের জাদুতে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে উপহার দিয়েছেন।
‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি এই শিল্পীর জীবনের অনেক অজানা তথ্য জানা যাবে। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
আলোকিত প্রতিদিন/এপি

