আজ , ।   

শ্রমিক-পুলিশ সংঘ*র্ষে উত্তপ্ত আশুলিয়া, আহত-২, ছুটি ঘোষণা ৪১ কারখানায়

আরো খবর

মোহাম্মদ ইয়াসিন, আশুলিয়া: ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় পোশাকশ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক নারীসহ দুই শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ৪১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একই সময়ে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।
পরে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় আলমগীর ও রাজিয়া নামে দুই শ্রমিক আহত হন। তাঁদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। আহত নারী শ্রমিক রাজিয়ার মাথায় রাবার বুলেট লাগায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে রাবার বুলেটে আহত দুই পোশাকশ্রমিক হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজন নারী শ্রমিকের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শ্রমিকেরা সকালে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন এবং পরে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে।
শ্রমিক অসন্তোষের কারণে জামগড়া ও নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকায় ৪১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -