প্রতিবেদক: রুনা ইসলাম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের নাগচালা গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি। দেবী মা কালীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, নাগচালা গ্রামের সনাতন ধর্মাবলম্বী গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এই শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালন করে আসছেন। ২০১০ সাল থেকে এই উৎসবের ধারাবাহিকতা বজায় রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। তাঁদের হিসাবে, প্রায় ১৭ বছর ধরে তাঁরা এই ধর্মীয় আয়োজন করে আসছেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবীন্দ্রচন্দ্র বর্মন জানান, ভক্তি, বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করেই প্রতিবছর তাঁরা এই শ্যামাপূজার আয়োজন করে থাকেন। তাঁদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার ১০৮টি রূপের মধ্যে মা শ্যামা বা কালী অন্যতম। তিনি অশুভ শক্তি ও অসুরের বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পূজিত হন।
এক দিনের মূল পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য দুই দিনব্যাপী যাত্রাপালা ও সাংস্কৃতিক বিনোদনের বিশেষ ব্যবস্থা রাখা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীদের আর্থিক অনুদান এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই উৎসবের ব্যয় নির্বাহ করা হয়।
উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থায়ও নেওয়া হয় বিশেষ উদ্যোগ। স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং পুরো অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আয়োজকদের দাবি, বিগত বছরগুলোতে তাঁদের এই আয়োজনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা বদ্ধপরিকর।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও পূজামণ্ডপে উপস্থিত হয়ে উৎসব উপভোগ করেন। দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাঁদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। তাঁদের মতে, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক সুন্দর দৃষ্টান্ত এই উৎসব।
আয়োজকেরা জানান, প্রতিবছর নিয়মিতভাবে পূজার আয়োজন করা হলেও পরবর্তী বছরের জন্য আগে থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় না। সময় ও সামর্থ্য অনুযায়ী গ্রামবাসীদের সহযোগিতায় তাঁরা প্রতিবছর এই আয়োজন সম্পন্ন করেন।
তবে তাঁদের অন্যতম লক্ষ্য হচ্ছে, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা। ছোটদের কাছে মা কালীর ধর্মীয় মাহাত্ম্য, অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির প্রতিষ্ঠার বিশ্বাস তুলে ধরতে চান তাঁরা। যেন ভবিষ্যৎ প্রজন্মও এই ধর্মীয় ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এর ধারাবাহিকতা বজায় রাখে।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছর এভাবেই ধর্মীয় বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের ঐতিহ্য অব্যাহত থাকবে।
ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই সম্প্রীতির বার্তাই যেন নাগচালার শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের মূল প্রতিপাদ্য হয়ে উঠেছে।
আলোকিত প্রতিদিন/এপি

