আজ , ।   

বিকেলে বসছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ। বিকালে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হবে। ১৮ নভেম্বর চতুর্থ অধিবেশন শেষ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পর ও চতুর্থ অধিবেশনের আগ পর্যন্ত ৩টি অধ্যাদেশ জারি করা হয়। আজ চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে এগুলো উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯২টি ও সিদ্ধান্ত-প্রস্তাবে (বিধি-১৩১) ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। সংসদের সাউন্ড সিস্টেম বিষয়ে চলমান অগ্রগতি সম্পর্কে সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া আজ বিকালে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। এতে এগুলো নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সংসদ সদস্যদের যথেষ্ট সময় রয়েছে।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। গতকালের বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -