স্পোর্টস ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি পেয়েছেন হ্যারি কেইন। ইংল্যান্ডের এই তারকা ফুটবলারের অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেইনকে ‘বন্ধু’ সম্বোধন করে কোহলি বলেছেন, এই পুরস্কার তাঁর প্রাপ্য।
কঠোর পরিশ্রম, ধারাবাহিক পারফরম্যান্স ও দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত স্বীকৃতি না পাওয়ার অভিজ্ঞতা ক্রীড়াবিদদের কাছে কতটা কঠিন, তা ভালো করেই জানেন কোহলি। নিজের ক্যারিয়ারেও বহু সাফল্যের পর শিরোপা জয়ের অপেক্ষা করতে হয়েছে তাঁকে। তাই কেইনের অর্জনকে বিশেষভাবে দেখছেন ভারতীয় এই ব্যাটার।
কোহলি তাঁর বার্তায় লেখেন, ‘হ্যারি, বন্ধু, বছরের পর বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজের দৃঢ়তা, কঠোর পরিশ্রম আর সততার পরিচয় দিয়ে তুমি যেভাবে এগিয়ে গেছ, এই পুরস্কারের প্রতিটি সম্মানই তোমার প্রাপ্য। তোমার জন্য আমি সত্যিই আনন্দিত হলাম।
কেইন ও তাঁর পরিবারের জন্য শুভকামনা জানিয়ে কোহলি আরও লেখেন, ‘ঈশ্বর তোমাকে ও তোমার পরিবারকে আশীর্বাদ করুন। এই দীর্ঘ পথচলা ও অর্জন নিয়ে তোমার পরিবার নিশ্চয়ই ভীষণ গর্বিত। তুমিও নিশ্চয়ই নিজের এই যাত্রা নিয়ে গর্বিত। সব সময় তোমার জন্য রইল আমার শুভকামনা। অভিনন্দন!’
ক্যারিয়ারের দীর্ঘ সময় টটেনহ্যামে কাটানোর পর ২০২৩ সালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। এর আগে অসাধারণ গোল করার দক্ষতা দেখালেও বড় শিরোপা জয়ের অপেক্ষা তাঁকে বারবার হতাশ করেছে। ক্লাব ফুটবলে নতুন অধ্যায়ে এসে সেই অপেক্ষার অবসান ঘটে।
আলোকিত প্রতিদিন/এপি

