নিজস্ব প্রতিবেদক: চকবাজারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সরকার ব্যর্থ হিসেবে গণ্য হবে।
শনিবার চকবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, একটি ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে দীর্ঘসূত্রিতা প্রমাণ করে যে মানুষ এক প্রকার জাহান্নামের মধ্যে বসবাস করছে। অতীতে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু আজ ব্যবসায়ীরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের শিকার হচ্ছেন।
রাতের বেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মানুষ ঘরের বাইরে গেলে ছিনতাই ও নিরাপত্তাহীনতার মুখে পড়ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকার যেন দায়িত্ব থেকে সরে দাঁড়ায়, তবে জনগণই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে।
আলোকিত প্রতিদিন/এপি

