নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে। টানা এই ছুটিতে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই ঢাকার গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও ধোলাইপাড়সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ট্রেন ও লঞ্চ স্টেশনেও দেখা গেছে যাত্রীদের বাড়তি উপস্থিতি।
কর্মব্যস্ত নগরজীবন পেছনে ফেলে আপনজনের কাছে ফেরার এই যাত্রায় কারও হাতে ব্যাগ, কারও সঙ্গে পরিবারের সদস্য ও শিশু। সবার চোখেমুখে উৎসবের আনন্দ আর বাড়ি ফেরার প্রত্যাশা।
তবে যাত্রীদের অভিযোগ, বাড়তি চাপের সুযোগে কোনো কোনো বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বরিশালে যাওয়ার জন্য সায়েদাবাদে অপেক্ষমান কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বরিশালের লোকাল বাসের ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা হলেও এখন ৬০০ থেকে ৭০০ টাকার নিচে কোনো বাস পাওয়া যাচ্ছে না।
কয়েকজন টিকিট বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটি শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। আগের দিন সোমবারের চেয়েও আজ যাত্রীর চাপ বেশি।
অপরদিকে, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও অন্যান্য দিনের তুলনায় বেশি যাত্রীর উপস্থিতি দেখা গেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীদের মধ্যে ছিল বাড়ি ফেরার তাড়া। কর্মসূত্রে ঢাকায় থাকা মানুষ ছুটি পেয়ে পরিবারের সঙ্গে পূজার সময় কাটাতে গ্রামের বাড়িতে ফিরছেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিনের অবকাশের সুযোগ তৈরি হয়েছে।
এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি দপ্তর খোলা রাখা হয়েছিল। গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়।

