আজ , ।   

প্রধানমন্ত্রীর জাপান সফর : অবকাঠামো প্রকল্পে সহযোগিতা গুরুত্ব পাবে

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

২০ অক্টোবর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ‌্য জানান তি‌নি।

আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সামনে রেখে উভয় পক্ষের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে প্রস্তুতি চলছে। এর মধ্যে ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে।

পররাষ্ট্রসচিব জানান, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশ সব দেশের কাছ থেকেই কম সুদে ঋণ পেতে চায়। তবে এর ফলাফল সফরের পর জানা যাবে।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরিত হলেও জাপানের অভ্যন্তরীণ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। সেই প্রক্রিয়া শেষ হলেই এটি কার্যকর হবে।

ইপিএ কার্যকর হওয়ার পর কোনো কোনো পণ্যের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে– এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, এটি একটি সামগ্রিক চুক্তি। কোনো নির্দিষ্ট খাত ক্ষতিগ্রস্ত হলে তা পর্যালোচনা করে পরবর্তী সময়ে আলোচনার সুযোগ থাকবে।

এ ছাড়া, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ আমদানি-রপ্তানির চাহিদা বিবেচনায় বন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১০ বছরে সম্ভাব্য বাণিজ্যিক চাহিদা সামাল দেওয়ার সক্ষমতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ককে আলাদাভাবেই গুরুত্ব দিয়েই মূল্যায়ন করে থাকে। ​এক দেশের সঙ্গে সম্পর্ককে আরেক দেশের সঙ্গে সম্পর্কের নিরিখে তুলনা করে না। ​আমরা যা করি আমাদের নিজেদের স্বার্থে, আমাদের জনগণের প্রয়োজনে, আমাদের দেশের কল্যাণে। ​

​প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তা‌লিকায় পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের না থাকার প্রশ্নে তি‌নি ব‌লেন, এই মুহূর্তে উনি উজবেকিস্তানে একটি বৈশ্বিক সভায় অংশগ্রহণ করছেন। সুতরাং, ওনার সি‌ডিউ‌লের স‌ঙ্গে ম‌্যাচ কর‌লে এটা ভা‌লো হ‌বে।

আলোকিত প্রতিদিন /২০ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -