আন্তর্জাতিক ডেস্ক:
মক্কায় মসজিদ থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নারী এবং পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। বুধবার এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম এজেল নিউজ এ খবর জানিয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির এবং সিথি আক্তার। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পবিত্র নগরীর একটি মসজিদের ভেতর অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে তারা দোষী সাব্যস্ত হন। ঘটনাটি জানার পর নিরাপত্তা কর্তৃপক্ষ এই দুজনকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
পরবর্তীতে মামলাটি সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর করা হলে বিচারক অপরাধের গুরুত্ব এবং স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টিকে বিবেচনা করে তাদের দোষী সাব্যস্ত করেন এবং তাযির আওতায় মৃত্যুদণ্ড প্রদান করেন। এই রায়টি উচ্চতর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বহাল রাখা হয় এবং মৃত্যুদণ্ড বাস্তবায়নের জন্য একটি রাজকীয় আদেশ জারি করা হয়।
গত ১৪ অক্টোব বুধবার মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আব্দুল বশির এবং সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারী বা অনৈতিক কাজে লিপ্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি আইন প্রয়োগে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সাথে মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেন যে, এ ধরনের অপরাধের চেষ্টা করলে যে কাউকেই কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।
আলোকিত প্রতিদিন /১৫ অক্টোবর /২০২৬/মওম

