তারেকুল হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় বাংলাদেশ দলিল লেখক সমিতি নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নকলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাংগঠনিক কার্যক্রমকে অধিক গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করার লক্ষ্যে পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়।
“দলিল লেখক জনতা, গড়ে তুলো একতা” এই শ্লোগানকে ধারন করে নকলা সাব-রেজিস্ট্রার কর্যালয়ের দলিল লেখক সমিতির নতুন কমিটির সভাপতি পদে মো. আলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. হাসমত আলী-কে লাইসেন্সধারী দলিল লেখকগনের সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়েছে।
১৬ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল হক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম; সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ৬ জন সদস্য মোজাফ্ফর আলী, মো. মফিজুল ইসলাম, জয়েন উদ্দিন, মোকলেছুর রহমান, ফজাউল হোসেন সাবু ও মো. ফারুক হোসেন।
নতুন এই কমিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল, সুশৃঙ্খল ও অধিক কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড ও দলিল লেখকদের সার্বিক মানোন্নয়নে পরামর্শ সহায়তাসহ কমিটির সকল প্রকার কাজের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সিনিয়র দুই জনকে উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়। উপদেষ্টা মন্ডলীর দুইজন হলেন- মো. ইদ্রিস আলী ও মো. মাহবুবুল আলম। নবনির্বাচিত সভাপতি মো. আলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. হাসমত আলী গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত সভাপতি মো. আলাল উদ্দিন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় পূর্বক এ দায়িত্ব পালনে উৎসাহিত ও সহযোগিতা করার আশ্বাস প্রদানের জন্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মুহাম্মদ ফাহিম চৌধুরী’ঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সকল দলিল লেখকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাকে দলিল লেখক সমিতির সভাপতি মনোনিত করায় আজ থেকে দায়িত্ব বেড়ে গেলো। সদস্যগন আমাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি গুরু দায়িত্বও বটে।’
সাধারণ সম্পাদক মো. হাসমত আলী বলেন ‘আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব। দায়িত্ব পালনে আমরা সকলের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে কাজ করাই আমাদের অঙ্গীকার।’
বাংলাদেশ দলিল লেখক সমিতি নকলা উপজেলা শাখা কমিটিকে সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং দলিল লেখকদের ন্যায্য দাবী আদায়ে সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

