আজ , ।   

​শব্দদূষণ কমাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ

আরো খবর

​জাবি প্রতিনিধি: ​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর আশপাশে শব্দদূষণ সহনীয় মাত্রায় নামিয়ে আনতে এবং ছাত্রীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ (০৮ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ছাত্রী হল এবং মহাসড়কের আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একটি যৌথ প্রতিনিধি দল।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।

​এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঢাকা মহানগর পরিচালক ফরিদ আহমেদ, ঢাকা অঞ্চলের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, পরিবেশ বিভাগের উপ-পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা জেলার উপ-পরিচালক মো. ইলিয়াস পরিদর্শন টিমে অংশ নেন। এসময় হলের ওয়ার্ডেন, হল সুপার ও বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​

পরিদর্শনকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের অতি নিকটে নবনির্মিত ছাত্রী হলগুলো অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত তীব্র শব্দদূষণের শিকার হতে হচ্ছে তাদের। বিশেষ করে মহাসড়কে অনবরত চলাচলকারী বাস ও অন্যান্য যানবাহনের বিকট হর্ন তাদের স্বাভাবিক পড়াশোনা ও মনোযোগে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।

​শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, বাস ও গাড়ির হর্ন নিয়ন্ত্রণের জন্য সড়কে কিছু দূর অন্তর অন্তর ‘নো হর্ন’ প্লাকার্ড লাগানোর উদ্দেশ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে যোগাযোগের ফলে আজ তাদের পরিদর্শন টিম সংশ্লিষ্ট ছাত্রী হল এবং অন্যান্য স্থানগুলো পরিদর্শন করেছে।

​উপাচার্য জানান, ছাত্রী হল সংলগ্ন ঢাকা-আরিচা সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতর ও বাইরে শব্দদূষণ রোধকল্পে গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রতিটি আবাসিক হলে ‘গ্রীন ক্লাব’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

​আবাসিক হল পরিদর্শনের পর উপাচার্য, উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ছাত্রী হলগুলোর শব্দদূষণের প্রকৃত পরিস্থিতি অনুধাবনের জন্য সরেজমিন এলাকাটি পরিদর্শন করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -