আজ , ।   

প্রতিটি স্কুলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের তাগিদ অর্থমন্ত্রীর

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, বর্তমান সময়ে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার প্রযুক্তি, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী নিজেও এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থার ধরনও বদলে গেছে। এখন কম্পিউটারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন উন্নত লাইব্রেরি ও জ্ঞানভান্ডারে প্রবেশের সুযোগ রয়েছে। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত কম্পিউটার ল্যাব নেই। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে এ ঘাটতি দূর করা প্রয়োজন।

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞানসহ অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রেও শিক্ষার্থীদের নতুন চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, ক্রিকেট, ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো খেলাতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীরাও ভালো করছে। তাই স্কুল পর্যায় থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -