আজ , ।   

জাবিতে বিশ্বব্যাংক ও ইউজিসির ‘হিট প্রজেক্ট’: তরুণ গবেষকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

আরো খবর

জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট ভবনে বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে নৃবিজ্ঞান বিভাগে পরিচালিত হিট (HEAT) প্রজেক্টের আওতায় তরুণ গবেষকদের জন্য দুই দিনব্যাপী কর্মশালা ও সেমিনার শুরু হয়েছে। “Salty Waters, Silent Struggles: An Ethnographic study of Sexual and Reproductive Health of Women in Coastal Bangladesh” শীর্ষক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ‘ট্রেনিং অন অ্যাডভান্সড রিসার্চ মেথডস অ্যান্ড মেথডোলজি ফর ইয়ং রিসার্চার’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার প্রত্যাশা এই আয়োজনের ফলাফল শিক্ষার্থীদের জন্য ভীষণই ফলপ্রসূ হবে এবং তাদেরকে ভবিষ্যৎ গবেষক হিসেবে তৈরি করতে সাহায্য করবে।”

উদ্বোধনী পর্বে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহমুদুল হাসান সুমন, প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. আসাদুজ্জামান, সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদুল আলম ও মো. মোসাব্বের হোসেন।

অনুষ্ঠানে গবেষণায় নৈতিকতা অনুসরণ এবং নির্ধারিত নীতিমালা যথাযথভাবে মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। তিনি বলেন, “যেকোনো গবেষণায় একজন নৃবিজ্ঞানী হিসেবে গবেষণা কার্যক্রম পরিচালনার সময় নৈতিকতা অনুসরণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে নৃবৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি, একাডেমিক অধ্যয়ন এবং ধৈর্য নিয়ে অনেক সময় চ্যালেঞ্জিং ও জটিল পরিবেশে কাজ করতে হয়। গবেষণার বিষয় ও অংশগ্রহণকারীদের বাস্তবতা বোঝার পাশাপাশি গবেষককে মাঠপর্যায়ে নানা ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্যও প্রস্তুত থাকতে হয়।”

তিনি আরও জানান, “এই কর্মশালা ও সেমিনারের মাধ্যমে গবেষণা-সংশ্লিষ্ট বিভিন্ন টুলস, তাত্ত্বিক চিন্তা এবং গবেষণা পদ্ধতির ব্যবহার সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার বিভিন্ন পদ্ধতি ও টুলস ব্যবহারের ক্ষেত্রে আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবে এবং তাদের গবেষণার কাজের গুণগত মান বজায় রাখতে সহায়তা করবে।” এ সময় তরুণ গবেষকদের নৈতিকতা, পদ্ধতিগত শুদ্ধতা ও একাডেমিক সততা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি নিজের টিমের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আগ্রহী ৬০ জন শিক্ষার্থী এই বিশেষ কর্মশালায় অংশ নিচ্ছেন। দেশবরেণ্য গবেষক ও বিশেষজ্ঞগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ পরিচালনা করছেন।

কর্মশালায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ শিক্ষার্থীরা। প্রশিক্ষণার্থী ফাহমিদা ইনাবা বলেন, “সত্যি বলতে সেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ছিল। রিসার্চ সম্পর্কে অনেক নতুন বিষয় শিখতে পেরেছি।”

দুই দিনব্যাপী এই কর্মশালা ও সেমিনারের সমাপনী আয়োজন আগামীকাল অনুষ্ঠিত হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -