শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলুনিয়া গ্রামের আবাসন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে।
নিহতের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাঁদের বাবা তাঁদের ছেড়ে খুলনায় বসবাস করেন। পরে তাঁরা শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের গোলুনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও বর্তমানে বিভিন্ন মানুষের ডাকে সুপারি ও নারিকেল পাড়ার কাজ করত।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী রহমান তালুকদার মাহিনকে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠান। এ সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় মাহিন। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, গাছ থেকে পড়ে আহত অবস্থায় মাহিনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে যান। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

