নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার দৌলতপুরে আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সব খামারিকে কৃষক কার্ডের আওতায় নিয়ে এসেছেন। প্রান্তিক খামারিদের আরও উন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হাঁস প্রজনন ও রপ্তানি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “ইতোমধ্যেই হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করেছি। আমরা এর উৎপাদন বাড়াতে চাই। এই খাতটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বিক নজরদারি করছেন। আশা করছি, প্রান্তিক পর্যায়ে খামারির সংখ্যা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে।”
তরুণ সমাজকে এই খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণরা যাতে এই খাতে আরও অনুপ্রাণিত হয়, সে জন্য তাদের ঋণ সুবিধাসহ সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে অনেক তরুণ খামার করে সফলতা পেয়েছেন। এই সেক্টরে এগিয়ে যেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এই খামারের উন্নয়নের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে খুলনার মানুষ যথাযথ সেবা পাবেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো: বয়জার রহমানসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ।

