নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
৭ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো.তরিফুল নেওয়াজ কবির।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। বর্তমানে দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
বুধবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা খুলনার কয়রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /০৭ অক্টোবর /২০২৬/মওম

