আজ , ।   

সালমানের নামে চণ্ডীগড়ে হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’

আরো খবর

বিনোদন ডেস্ক :

বলিউড তারকা সালমান খানের নামে চণ্ডীগড়ে নির্মিত হতে যাচ্ছে বড় একটি আবাসন প্রকল্প। বহুতল এই প্রকল্পের সম্ভাব্য নাম রাখা হতে পারে ‘দ্য সালমান টাওয়ার্স’। যদিও নামটি এখনো চূড়ান্ত হয়নি, এরই মধ্যে প্রকল্পটি নিয়ে বলিউডে আলোচনা শুরু হয়েছে।

প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানে সালমান খানের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রকল্পের নাম, নকশা ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে।

জানা গেছে, প্রকল্পটির জন্য এরই মধ্যে তিনটি নাম প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এগুলো হলো—‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। তবে কোন নামটি শেষ পর্যন্ত চূড়ান্ত হবে, তা এখনো নিশ্চিত নয়। প্রয়োজনে তালিকার বাইরে অন্য কোনো নামও বেছে নেওয়া হতে পারে।

শুধু একটি বহুতল ভবন নয়, প্রকল্পটি আরও বিস্তৃত পরিসরে নির্মাণের পরিকল্পনা রয়েছে। আধুনিক জীবনযাপনের নানা সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে এতে। প্রকল্পটির সঙ্গে একটি স্থানীয় ও একটি আন্তর্জাতিক আবাসন সংস্থা যুক্ত রয়েছে বলে জানা গেছে।

গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়বেন সালমান?
সালমান খান দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন। ১৯৭৪ সাল থেকে এই বাড়িই খান পরিবারের ঠিকানা। সালমানের জীবনের পাশাপাশি তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে এই আবাসন।

এরই মধ্যে খান পরিবারের নতুন আবাসন নিয়েও খবর প্রকাশ্যে এসেছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করে একটি ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছে পরিবারটি। ওই সম্পত্তির মালিকানা সালমানের মা সালমা খানের নামে।

তবে নতুন ভবন তৈরি হলে সালমান ও তার পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে উঠবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নতুন সিনেমায় ব্যস্ত ভাইজান
সালমান খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘সিকন্দর’ সিনেমায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। মুক্তির পর সিনেমাটি অনলাইনে বিভিন্ন জায়গায় ফাঁস হওয়ার খবরও সামনে আসে।

বর্তমানে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সালমান। এতে তার সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। সিনেমাটির নাম প্রথমে ‘ব্যাটল অব গলওয়ান’ রাখা হলেও পরে পরিবর্তন করে ‘মাতৃভূমি’ করা হয়। ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

এ ছাড়া পরিচালক বংশী পৈদিপল্লীর একটি সিনেমাতেও অভিনয় করছেন সালমান খান। ছবিতে তার বিপরীতে থাকছেন নয়নতারা। দিল রাজু প্রযোজিত এই সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -