আমিনুল ইসলাম লিপু সিরাজদিখান, বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জোহরের নামাজের পর শ্রীনগর উপজেলার মজিদপুর-দয়হাটায় তার নিজ এলাকায় বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত এ দোয়া মাহফিলে দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মরহুম অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা, ওয়াসিমুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় নেতা ডা. আবু নোমান মো. আব্দুর রহিম, মোস্তফা সারোয়ার, গাজী শহীদুল্লাহ কামাল, সাইফুল ইসলাম মিন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
আলোকিত প্রতিদিন/এপি

