নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ গাড়িবহর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি লরিতে করে এই জ্বালানি রূপপুরের দিকে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,৩ অক্টোবর শনিবার সকালে ইউরেনিয়ামবাহী তিনটি লরি সড়কপথে ঢাকা ত্যাগ করে। দুপুরের মধ্যে গাড়ি বহরটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। ইউরেনিয়াম পরিবহনকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী ও রূপপুর এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
২ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দ্বিতীয় ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিমান বন্দরে পৌঁছানোর পর থেকেই জ্বালানি রূপপুরে স্থানান্তরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে রূপপুরের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম অ্যাসেম্বল বাংলাদেশে আসার কথা রয়েছে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রমও এগিয়ে চলেছে। সংশ্লিষ্টদের আশা, সব প্রক্রিয়া সফলভাবে শেষ করে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরো ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে।
আলোকিত প্রতিদিন /০৩অক্টোবর /২০২৬/মওম

