কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে জামায়াত নেতারা বলেন, সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ-সংকট নিয়ে বক্তব্য দেওয়ায় মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোড় দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা।
আলোকিত প্রতিদিন/এপি

