নিজস্ব প্রতিবেদক :
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মাদকদ্রব্য ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ডিএমপির প্রসিকিউশন বিভাগ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল করিম সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।
আলোকিত প্রতিদিন / এম আর এম

