বিশেষ প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এরই জেরে জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে জেলাজুড়ে এই সমন্বিত অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে নগরীসহ ১৮টি থানা এলাকার বখাটেদের সম্ভাব্য আড্ডা ও উৎপাতপ্রবণ স্থানগুলোতে একযোগে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আরও জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উদীয়মান কিশোরদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। পূর্বে কোনো অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
কুমিল্লা থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ায় জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা কিশোর গ্যাং নির্মূলে কাজ করছি। জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানার এলাকায়, যেখানে বখাটেদের উৎপাত রয়েছে সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে জন্য আটক করা হয়েছে। আগের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

