মো: জহির উদ্দিন বাবর : চট্টগ্রামের হাটহাজারী থানাধীন কাপ্তাই রোড এলাকার বহুল আলোচিত ‘গোলাপের দোকান’ কেন্দ্রিক একাধিক প্রতারণা, চেক জালিয়াতি ও মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সুব্রত মজুমদার স্বপন নামের এক ব্যক্তিক বিরুদ্ধে। ব্যাটারি চালিত রিকশা ও জায়গা (জমি) কেনাবেচার চটকদার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর এবার তার বিরুদ্ধে উঠেছে সন্ধ্যার পর অবাধে ইয়াবা বিক্রির মতো বিষাক্ত মাদক কারবার চালানোর ভয়াবহ অভিযোগ। সর্বস্ব হারিয়ে বিচার পেতে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন একাধিক ভুক্তভোগী।
জমি ও রিকশা ব্যবসার আড়ালে বিপুল অর্থ আত্মসাৎ-
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, কাপ্তাই রোড গোলাপের দোকান এলাকায় সুব্রত মজুমদার স্বপন দীর্ঘদিন ধরে নানা ছলাকলা চালিয়ে আসছিলেন। রিকশা সরবরাহ ও জমি হস্তান্তরের মিষ্টি কথায় ভুলিয়ে তিনি বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়দের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে কদমতলীর ‘জেবি পার্স’ দোকানের মালিকসহ একাধিক ভুক্তভোগী রয়েছেন, যারা আজ চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা।
প্রতিশ্রুতি অনুযায়ী জায়গা কিংবা রিকশা বুঝিয়ে না দিয়ে উল্টো দিনের পর দিন ঘুরাতে থাকেন স্বপন। পাওনা টাকা ফেরত চাইলে তিনি যে ব্যাংক চেকগুলো দেন, তা ব্যাংকে ডিজঅনার হয়। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীরা শেষ পর্যন্ত আদালতে ‘চেক প্রতারণা’র মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন।
থানার ‘নাকের ডগায়’ ইয়াবা সিন্ডিকেট: ধ্বংসের মুখে যুবসমাজ-
অর্থ আত্মসাতের পাশাপাশি স্বপনের বিরুদ্ধে এলাকাকে মারাত্মক মাদকের বিষাক্ত ছোবলে ধ্বংস করার অভিযোগ তুলেছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। এলাকাবাসীর বিস্ফোরক অভিযোগ— হাটহাজারী থানার একেবারেই কাছে বা গোলাপের দোকান এলাকায় প্রতি সন্ধ্যার পর সুব্রত মজুমদার স্বপন বেপরোয়াভাবে ইয়াবা বিক্রি ও কেনাবেচার সাথে জড়িয়ে পড়েন। শুধু তা-ই নয়, তিনি নিজেও নিয়মিত মাদক সেবন করেন।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, “এই টাউট স্বপনের ইয়াবা কারবারের কারণে এলাকার উঠতি বয়সের যুবসমাজ আজ বিভ্রান্ত ও পুরোপুরি ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। সে যদি নিজের বিরুদ্ধে ওঠা মাদক সেবনের কথা অস্বীকার করে, তবে আইনসম্মত প্রক্রিয়ায় তার ‘ডোপ টেস্ট’ (Dope Test) করিয়ে সত্যতা বের করা হোক। পাশাপাশি গোলাপের দোকান এলাকাকে ইয়াবামুক্ত করতে তার বিষাক্ত মাদক বিক্রির বিষয়টিরও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।”
এসব একাধিক ফৌজদারি মামলা, কোটি টাকার প্রতারণা ও ইয়াবা কারবার সংক্রান্ত চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সুব্রত মজুমদার স্বপনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
প্রতারিত ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীর একটাই দাবি— সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা আত্মসাৎকারী সুব্রত মজুমদার স্বপনের সমস্ত অপকর্মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের আত্মসাৎ করা অর্থ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি ও কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়ে।
আলোকিত প্রতিদিন/এপি

