মোহাম্মদ ইয়াসিন: ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার(২১ সেপ্টেম্বর) সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি) ওসি সাইদুল ইসলাম।
এর আগে গত রোববার সন্ধ্যা ও রাতে সাভারের বক্তারপুর ও আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৯ হাজার টাকা।
ডিবি সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে হিরাতুন ওরফে ইনাতুন (৪৭) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হিরাতুন সাভারের পোড়াবাড়ী বেদেপল্লী এলাকার বাসিন্দা। তিনি রেজু মিয়ার স্ত্রী। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন রাত ৮টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে ডিবির অপর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ মাসুদ আল মামুন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর থানার ইরতা গ্রামের জাবেদ হোসেন (৪৫), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মালতিডাঙ্গা গ্রামের রবিন (৪১), আশুলিয়ার ফুলেরটেক এলাকার শামীম হোসেন ওরফে সুন্দরী শামীম (৩৬) এবং মাদারীপুরের রাজৈর থানার পূর্ব দ্বারাদিয়া গ্রামের ওবায়দুল রহমান (৪৪)।
ডিবি পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তার জাবেদ, রবিন ও ওবায়দুল আশুলিয়ার ডেন্ডাবর ফালগুনি হাউজিং এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার শামীম হোসেন ওরফে সুন্দরী শামীমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি ও অন্যান্য একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়া ওবায়দুল রহমানের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একটি ও দস্যুতার একটি মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

