নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে; গ্রেপ্তারকৃতরা হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ত সময়ে শেষ করাতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কুমিল্লার ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। সারাদেশবাসী খুব মর্মাহত। একটা অপ্রাপ্তবয়স্ক শিশুই বলা যায়। তার বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘তার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন, আজ একজনসহ মোট চারজন গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে সমস্ত কিশোররা, তাদের বয়স…দুজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি, একজনের কম হতে পারে, এখনও এনআইডি চেক করা হচ্ছে। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সঙ্গে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিত। খোঁজখবর এবং অন্যান্য তথ্য নিয়ে যা দেখা গিয়েছে, তারা এই ছেলের বয়সের ৫ থেকে ১০ বছর বড়। অনেকে ৫ থেকে ১০ বছরের বড় হতে পার।
আইফোনটিও উদ্ধার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফোনটি প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে পাওয়া গেছে। পাশাপাশি মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।
তিনি আরও বলেন, আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কাজ চলছে।
অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের সঙ্গে নিয়ে যাওয়া আইফোনটিও উদ্ধার করা হয়েছে। অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
আলোকিত প্রতিদিন/এপি

