আজ , ।   

মাদক কারবারিরা সমাজের বড় শত্রু, তথ্য দিয়ে আইনের হাতে তুলে দিন: ইউএনও

আরো খবর

নাজমুল হাসান:

মাদক কারবারিদের সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেছেন, মাদক কারবারিরা ব্যবসার স্বার্থে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি দেশের ভবিষ্যৎও অন্ধকার করে দিচ্ছে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দেবিদ্বারের রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সবাই মিলে রুখবো মাদক, গড়বো সুস্থ সমাজ’—এই অঙ্গীকারে আবেদা মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, কিশোরদের মাদকাসক্তি শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি অনেক সময় অপরাধ জগতের প্রবেশদ্বার হয়ে উঠছে। ধূমপান বা বিড়ি-সিগারেটের কৌতূহল থেকে শুরু করে মাদকে জড়িয়ে পড়ার পর অর্থের প্রয়োজন মেটাতে কেউ কেউ ছিনতাই, চাঁদাবাজি এবং চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এভাবে কিশোর গ্যাংয়ের বিস্তারও ঘটছে।

তিনি বলেন, কিশোরদের এই বিপজ্জনক চক্র থেকে ফিরিয়ে আনতে শুধু শাস্তি নয়, প্রয়োজন পরিবারের ভালোবাসা, চিকিৎসা ও মানসিক কাউন্সেলিং। মাদক ও কিশোর গ্যাং থেকে সন্তানদের রক্ষা করতে পরিবার এবং অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

আলোচনা সভায় প্রধান আলোচক দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। এছাড়া বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও জুবায়ের ইবনে মামুন।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোকিত প্রতিদিন /১৭ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -