বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগের আগ্রহের কথা জানায় প্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও গ্যাস উৎপাদন বাড়ানোর সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এ সময় শেভরনের পক্ষ থেকে দেশের গ্যাস খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

