পাঁচ দফা দাবিতে ১৬ নভেম্বর সোমবার দেশের সব জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও কলমবিরতি পালন করবেন তারা। এ ছাড়া ১৭ নভেম্বর মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।
১৫ নভেম্বর রবিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মাওলানা শাহ্ মো. নেছারুল হক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন, বিচার এবং সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন করে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের স্বীকৃত কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে ভাগ করার পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ রাখার কথা বলা হয়েছে।
নিয়োগের যোগ্যতা পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়ে সমিতির এই নেতা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন কেবল প্রশাসনিক কাজ নয়; এর সঙ্গে ইসলামী শরিয়ত এবং মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দেনমোহর, ইজাব কবুল, অভিভাবকত্ব, তালাক, খোলা ও তালাকে তফউইজের মতো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান এবং বাস্তব দক্ষতা থাকা জরুরি। সাধারণ শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ দেওয়া হলে এসব ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
১৯৭৫ সালের বিধিমালা এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সময়ের নীতিগত সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে নেছারুল হক বলেন, সে সময় সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু নতুন খসড়ায় পুরোনো কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এ ধরনের পরিবর্তন নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলবে। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লিখিত অধিক্ষেত্র বহাল রাখা, মৃত বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান; বিবাহ এবং তালাক নিবন্ধন ফি বৃদ্ধি; নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালায় উল্লিখিত যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নে নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।
এছাড়া, ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ২১ বিধি সংশোধন করে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি বাড়ানোর দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করে তাদের পেশাগত ভবিষ্যৎ ও দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিধিমালা চূড়ান্ত করা উচিত হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিধিমালা চূড়ান্ত করার আগে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির মহাসচিব কাজী মাওলানা মো. সেলিম রেজা।
আলোকিত প্রতিদিন /১৫ নভেম্বর /২০২৬/মওম

