আজ , ।   

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরো খবর

বিশেষ প্রতিবেদক :

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। এ সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেবেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান হুমায়ুন কবির।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া।

তিনি বলেন, সাইডলাইনে বেশ কিছু বৈঠক হবে। এসব বৈঠকের বিষয়ে অনেক সময় শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে যাদের সঙ্গে দেখা বা বৈঠক হবে, তা গণমাধ্যমকে জানানো হবে। এ বিষয়ে গোপন করার কিছু নেই।

যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে।

বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদারের বিষয়টি এসব বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -