বিনোদন ডেস্ক
ভারতীয় অভিনেত্রী ও মডেল শেহনাজ গিলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এক ভক্ত নিজের বুকে এ তারকার মুখের ট্যাটু করিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি সামনে আসার পর বিস্ময় প্রকাশ করেছেন শেহনাজ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ভক্ত শার্টের বোতাম খুলে শেহনাজকে তার বুকে আঁকা ট্যাটুটি দেখাচ্ছেন। ট্যাটুটি দেখে কিছুটা অবাক হয়ে পাঞ্জাবি ভাষায় শেহনাজ তাকে প্রশ্ন করেন, কেন নিজেকে কষ্ট দিয়ে তিনি এমন ট্যাটু করিয়েছেন।

জবাবে ওই ব্যক্তি জানান, তিনি শেহনাজের বড় ভক্ত। এরপর ভক্তকে ধন্যবাদ জানান অভিনেত্রী। একই সঙ্গে করমর্দন করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেন, ওই ভক্ত এর আগেও তার হাতে শেহনাজের নাম বা ছবি ট্যাটু করিয়েছিলেন। সে সময় শেহনাজ তাকে বুকে আর কোনো ট্যাটু না করার অনুরোধ করেছিলেন।
‘বিগ বস’খ্যাত পাঞ্জাবি তারকা শেহনাজ গিল ভক্তদের সঙ্গে খোলামেলা মিথস্ক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

