বিনোদন ডেস্ক :
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর কঠিন সময়ের অভিজ্ঞতা এবং পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন সবসময় মনে রাখবেন অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।’ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী বলেন, তার জন্য এটি ছিল দীর্ঘ ও কঠিন এক যাত্রা।
বাঁধনের ভাষায়, এই যাত্রায় তাকে অপমান, হয়রানি ও শারীরিকভাবে আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এমনকি নিজের মানুষদের কাছ থেকেও পরিত্যক্ত হওয়ার অনুভূতি তৈরি হয়েছিল। তবে এত প্রতিকূলতার মধ্যেও তিনি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা জানান। বাঁধন বলেন, ‘কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে সবচেয়ে বড় সমর্থন।’
কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাঁধন।
তিনি বলেন, যখন তার সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার পাশে দাঁড়িয়েছেন। নিজের কিছু মানুষ দূরে সরে গেলেও এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির সহায়তা তার জন্য শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল বলেও জানান তিনি।
শুধু প্রতিষ্ঠান নয়, যারা তার খোঁজ নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, দোয়া করেছেন কিংবা তাকে একটি ভালো কথা বলেছেন—তাদের প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন। তিনি বলেন, কঠিন সময়ে পাওয়া এই সমর্থন তিনি হৃদয়ের গভীর থেকে অনুভব করেছেন। পোস্টের শেষ দিকে অভিনেত্রী লেখেন, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। এর মধ্যেই গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। বাঁধনের অভিযোগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কিছু কর্মী-সমর্থক তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার পর তার পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন। কঠিন সেই অভিজ্ঞতার পর বাঁধনের নতুন বার্তায় তাই উঠে এসেছে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং প্রতিকূল সময় পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা।
আলোকিত প্রতিদিন / এম আর এম

