মো, মহিদ:
মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে দুটি মিষ্টির দোকানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুইট হ্যাভেন ও মদিনা মিষ্টির দোকানের কারখানায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। এছাড়া একবার ব্যবহার করা তেল পুনরায় ব্যবহার, স্বাস্থ্যবিধি না মেনে খালি গায়ে মিষ্টি তৈরি এবং খাদ্যপণ্য সংরক্ষণে অনিয়মের বিষয়ও ধরা পড়ে। অভিযানসংশ্লিষ্টরা জানান, মিষ্টি তৈরির সরঞ্জামের সঙ্গে একই ফ্রিজে মাছ-মাংস ও অন্যান্য খাদ্যপণ্য রাখা হচ্ছিল। এতে খাদ্যদূষণের ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি মিষ্টি তৈরির স্থানেও পর্যাপ্ত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছিল না। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, খাদ্যপণ্য তৈরিতে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের কারণে সুইট হ্যাভেনকে ২০ হাজার ও মদিনা মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্টদের খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন /১০সেপ্টেম্বর/২০২৬/মওম

