নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্লট ও ফ্ল্যাট মালিকদের ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করে বাসা ভাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে র্যাব। একই সঙ্গে খালি প্লটে অপরাধীদের আশ্রয় দেওয়ার বিষয়েও মালিকদের সতর্ক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ‘টাউন হল মিটিং’য়ে এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন র্যাব-২ সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম।
সভায় মোহাম্মদপুর ও আদাবর থানার আওতাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৩ জন প্রতিনিধি এবং র্যাব-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় র্যাবের পক্ষ থেকে বলা হয়, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অনেক প্লট মালিক খালি জায়গা ভাড়া দিয়ে থাকেন। এসব স্থানে অনেক সময় ছাপড়া ঘর নির্মাণ করে যাচাই-বাছাই ছাড়াই শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়।
র্যাব-২-এর কর্মকর্তা হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, শ্রমজীবী মানুষের পরিচয়ের আড়ালে কিছু অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা তৈরি করছে। পাশাপাশি এসব স্থানে মাদকের বিস্তারও ঘটছে।
তিনি বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য অবশ্যই যাচাই করতে হবে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা অনুসরণ করতে হবে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, অনুমোদনহীনভাবে কোনো প্লটে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত রাখলে শুধু ওই ব্যক্তির কর্মকাণ্ড নয়, প্লট বা ফ্ল্যাট মালিকের ভূমিকাও আইনগতভাবে খতিয়ে দেখা হবে।তাই ভাড়াটিয়া নির্বাচনের ক্ষেত্রে মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় গত ২৯ আগস্ট অনুষ্ঠিত মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন অভিযোগও আলোচনায় আসে। বিশেষ করে খালি প্লটে অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠা এবং এসব স্থানে অপরাধীদের আশ্রয় নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, অপরাধমুক্ত মোহাম্মদপুর গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়। স্থানীয় বাসিন্দা, প্লট মালিক, হাউজিং সোসাইটি ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি স্থানীয় বাসিন্দাদের যেকোনো অপরাধের তথ্য নির্ভয়ে র্যাবকে জানানোর আহ্বান জানান।
সভায় অংশ নেওয়া বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র্যাবের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। নিজ নিজ এলাকায় আরও সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধে র্যাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তারা।
র্যাব-২ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।
অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে র্যাব-২।
আলোকিত প্রতিদিন / এম আর এম

