নিজস্ব প্রতিবেদক :
দেশের চলমান বিভিন্ন সংকট ও সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে—এ কথা সরকার কখনো অস্বীকার করেনি। বরং আগের সরকারের রেখে যাওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
তিনি বলেন, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলার মধ্যেই কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সমস্যাগুলো অস্বীকার না করে সেগুলো সমাধানের পথেই এগোচ্ছে। তবে সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।
সরকারের দায়িত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সর্বোচ্চভাবে অনুসরণের চেষ্টা করবে।
তিনি বলেন, কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে দেশের আইনেই তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। নির্বাচিত সরকার হিসেবে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা প্রয়োজন। আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারম্যান খালেদা জিয়াসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর অংশগ্রহণে শনিবারের আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শেষ হয়।
আলোকিত প্রতিদিন / এম আর এম

