নিজস্ব প্রতিবেদক :
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। চলতি বছরে এক দিনে এটিই ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৯ জন ভর্তি হয়েছেন।
নতুন করে পাঁচজনের মৃত্যু হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ নিয়ে এ বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—২৮৭ জন। এরপর খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রাজশাহীতে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে, এক দিনে রোগী ভর্তির নতুন রেকর্ড ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপের বিষয়টি সামনে এনেছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

